বিচারহীনতার কারণে ঘটছে বারবার আদিবাসী নির্যাতন
বিচারহীনতার কারণেই বারবার আদিবাসী নির্যাতনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে কয়েকটি আদিবাসী সংগঠন ও বিশিষ্টজনেরা। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
মানববন্ধনের আয়োজন করে সান্তাল স্টুডেন্টস ইউনিয়ন (সাসু) বাংলাদেশ, বাংলাদেশ ওঁরাও ছাত্রসংগঠন, বাংলাদেশ হাজং ছাত্রসংগঠন, আদিবাসী ছাত্রসংগঠন (ঢাকা মহানগর শাখা), আদিবাসী যুব পরিষদ ও জন-উদ্যোগ। এ ছাড়া সংহতি প্রকাশ করে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক, ওয়েব ফাউন্ডেশন।
৪ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জিনারপুরে স্থানীয় এক আদিবাসী নেত্রী ধর্ষিত হন। আদিবাসীদের ভূমি অধিকার, নারী অধিকার ও নারীর ওপর সহিংসতা রোধে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছেন বলেই তাঁর ওপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়। ওই ঘটনায় দুজনকে আটক করা হলেও ঘটনার মূল হোতাকে আটক করা হয়নি বলে অভিযোগ করেন বক্তারা।
এ ছাড়া ২ আগস্ট দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ডেড়কামাড়ি গ্রামের আদিবাসী ঢুডু সরেন হত্যা এবং শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ডেফলাই গ্রামের সুবল হাজংকে হত্যাকারীদেরও গ্রেপ্তার করা হয়নি বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। বক্তারা বলেন, এসব ঘটনা ছাড়াও অতীতের হত্যাকাণ্ডগুলোর বিচার হয়নি বলেই বারবার এমন ঘটনা ঘটছে।
মানববন্ধনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আদিবাসীদের দুর্বল মনে করে তাঁদের ওপর অত্যাচার করা হয়। শুধু আদিবাসীই নয়, সমাজের অন্যান্য অসহায় নির্যাতিত মানুষ সুবিচার পান না বলেই বারবার এমন ঘটনা ঘটে। তিনি বলেন, আদিবাসীরা একা নন, সমাজে যাঁরা দলকানা ও দলবাজ নন, তাঁরা অসহায় মানুষদের সঙ্গে আছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, আদিবাসীদের ওপর নির্যাতনের বিচারের ক্ষেত্রে সরকার আন্তরিক নয়, সরকার আন্তরিক হলে এমন ঘটনা বারবার ঘটত না।