মুক্তচিন্তার মানুষ এখন নিরাপত্তাহীন। তাঁদের ওপর হামলা হলেও দুর্বৃত্তদের চিহ্নিত করা যাচ্ছে না। তাদের শাস্তি দিতে না পারলে, প্রতিরোধ গড়ে তুলতে না পারলে আরও প্রাণ হারাতে হবে। বিচারহীনতার কারণে বারবার এমন হামলার ঘটনা ঘটছে। চট্টগ্রামে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন।
প্রকাশক ফয়সল আরেফিন হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং মুক্তচিন্তার মানুষের ওপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। ‘শিক্ষক, শিক্ষার্থী, লেখক, পাঠক, প্রকাশক ও নাগরিকবৃন্দ’—এই ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে অন্যান্য শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।
সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল মনসুর বলেন, ‘স্বাধীনতার ৪৪ বছর পার হওয়ার পর এই প্রথম আমি নিজেকে নিরাপত্তাহীন মনে করছি। আমার মতো অনেকে যাঁরা মুক্তচিন্তার চর্চা করেন তাঁরাও আজ নিরাপত্তাহীন। মুক্তচিন্তার সঙ্গে যারা একমত হতে পারছে না তারা আমাদের দমিয়ে রাখতে হামলা করছে।’ তিনি বলেন, হামলায় জড়িত দুর্বৃত্তদের শাস্তি দিতে না পারলে, প্রতিরোধ গড়ে তুলতে না পারলে আরও প্রাণ হারাতে হবে।
লেখক ফেরদৌস আরা আলীম বলেন, হত্যাকারীদের চিহ্নিত করে যথোপযুক্ত বিচার করা না গেলে সৃজনশীল লেখক ও মুক্তচিন্তার মানুষের ওপর হামলার অবসান হবে না।
বক্তারা বলেন, একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। অথচ কোনো হত্যাকারীকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নেওয়া সম্ভব হচ্ছে না। বিচারহীনতার কারণে হামলাকারী অপশক্তি পার পেয়ে যাচ্ছে।
সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, বলাকা প্রকাশনীর মালিক জামাল উদ্দীন, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি শাহ আলম, আইনজীবী মুজিবুল হক, সুশান্ত বড়ুয়া প্রমুখ।