বিচারহীনতার শৃঙ্খল থেকে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অবশেষে শেষ হচ্ছে ঘাত-প্রতিঘাত, সহিংসতা-রক্তক্ষরণ আর দুর্ভোগ-অনিশ্চয়তার একটি বছর। ক্ষমতালিপ্সুদের হিংসার রাজনীতি কেড়ে নিয়েছে অসংখ্য সাধারণ মানুষের জীবন। অবশিষ্টদের বেঁচে থাকার সান্ত্বনা একটাই, বিচারহীনতার শৃঙ্খল মুক্তির যে দেখা মিলেছে, তা যেন হারিয়ে না যায়।
যুক্তরাষ্ট্রের মানবতাবাদী নেতা মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন, নিছক উত্তেজনার অনুপস্থিতি শান্তি নয়, প্রকৃত শান্তি হচ্ছে ন্যায়বিচারের উপস্থিতি। চলমান সংঘাত-সহিংসতা হয়তো একদিন বন্ধ হবে, আবার শান্তিতে রাস্তায় নামবে দেশের মানুষ। কিন্তু প্রতিটি অন্যায়-অবিচারের বিচার না হলে মানুষের অন্তর্দহন বন্ধ হবে না। এ জন্য সব বিভেদ ভুলে ন্যায়বিচারের পথকে উন্মুক্ত রাখতে হবে।
বছরজুড়েই ছিল রায়। একাত্তরের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রথম রায় আসে জানুয়ারিতে। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিনে যেদিন জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষিত হলো, সেদিন দেশজুড়ে শুরু হলো হিংস্র তাণ্ডব। এক বিচারের ফল নতুন করে আরও বিচারপ্রার্থী তৈরি করল। তবু, ১২ মাসে মানবতাবিরোধী অপরাধের মামলার নয়টি রায় দেশকে এগিয়ে নিয়ে যায় ইতিহাসের দায়মোচনের দিকে। এপ্রিলে শেষ হয় এ দেশের আরেকটি কলঙ্কিত অধ্যায়ের বিচার—কারাগারে চার জাতীয় নেতাকে হত্যা। আর পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নির্মম হত্যার রায় হয় নভেম্বরে। নজিরবিহীন এ রায়ে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় ১৫২ জনকে। বিজয়ের মাস ডিসেম্বরে কার্যকর হয় মানবতাবিরোধী অপরাধের প্রথম রায়, ফাঁসির দড়িতে ঝোলেন জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লা। আর বছরের একেবারের শেষদিকে বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন ছাত্রলীগের আট কর্মী। এ রায় হয়তো কান্না থামাতে পারেনি বিশ্বজিতের মায়ের, তবে ‘শান্তিতে মরার’ যুক্তি খুঁজে পেয়েছেন তিনি।
২০১৩ সাল তাই বিচার পাওয়ার বছর।
ইতিহাসের দায়মোচন: ২০১৩ সালের ১২ ডিসেম্বর। রাত ১০টা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর হয় মানবতাবিরোধী অপরাধের প্রথম রায়। ফাঁসির দড়িতে ঝোলেন একাত্তরে ‘কসাই কাদের’ নামে পরিচিত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা। মানবতাবিরোধী অপরাধের বিচারের নতুন এক অধ্যায়ে প্রবেশ করে বাংলাদেশ।
একাত্তরের গণহত্যা, হত্যা, ধর্ষণসহ সব নির্মমতার বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুই বছরেও যখন বিচারকাজ আশানুরূপ গতি পায়নি, তখন ২০১২ সালের ২২ মার্চ গঠন করা হয় আরেকটি ট্রাইব্যুনাল। প্রায় তিন বছরের মাথায় দুই ট্রাইব্যুনাল থেকেই একের পর এক রায় আসতে থাকে। এ পর্যন্ত নয়টি মামলার রায় দিয়েছেন দুই ট্রাইব্যুনাল, এর মধ্যে ট্রাইব্যুনাল-১ তিনটি ও ট্রাইব্যুনাল-২ ছয়টি। সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি হয়েছে এর মধ্যে একটি মামলার। ছয়টি রায়ের আপিল এখনো চূড়ান্ত রূপ পায়নি।
২১ জানুয়ারি মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সাবেক নেতা পলাতক আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-২। ৫ ফেব্রুয়ারি জামায়াতের নেতা কাদের মোল্লাকে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের সাজা প্রত্যাখ্যান করে রাজপথে নামে তরুণসমাজ। কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগসহ সারা দেশে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে আপিলের সমান সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে সংশোধনী আনা হয়। রায়ের বিরুদ্ধে আপিল করে দুই পক্ষই। ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চূড়ান্ত রায়ে কাদের মোল্লার সর্বোচ্চ সাজা ঘোষণা করেন। ৫ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়, ১০ ডিসেম্বর সাজা কার্যকরের উদ্যোগ নেয় সরকার। কিন্তু এক নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে শেষ মুহূর্তে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা কার্যকর স্থগিত করেন চেম্বার বিচারপতি। আবার পুনর্বিবেচনার আবেদনের শুনানি হয়, কিন্তু এক দিন শুনানির পর তা খারিজ করে দেন আপিল বিভাগ। সেদিন ১২ ডিসেম্বর। আবেদন খারিজ হওয়ার ১০ ঘণ্টার মধ্যে সাজা কার্যকর হয়।
ফেব্রুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল আরও সাতটি রায় দিয়েছেন। জামায়াতের নায়েবে আমির সাঈদীর রায় হয় ২৮ ফেব্রুয়ারি। ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দিলে সারা দেশে তাণ্ডব চালায় জামায়াত। ৭ মার্চের মধ্যে ১৮ জেলায় সহিংসতার শিকার হয়ে মৃত্যুবরণ করেন ৭৭ জন। এ মামলাটিরও বিচার চলছে আপিল বিভাগে।
মানবতাবিরোধী অপরাধের মামলার চতুর্থ রায়ে ৯ মে মৃত্যুদণ্ডাদেশ পান জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান। তবে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করেও সর্বোচ্চ সাজা থেকে বেঁচে যান ‘জামায়াত গুরু’ গোলাম আযম। ১৫ জুলাই তাঁকে ৯০ বছরের কারাদণ্ডের সাজা দিয়ে ট্রাইব্যুনাল-১ বলেন, বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়নি। এক দিন বাদে ১৭ জুলাই জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মৃত্যুদণ্ডের সাজা দেন ট্রাইব্যুনাল-২। একাত্তরে বুদ্ধিজীবী নিধনের পরিকল্পনা ও সহযোগিতার দায়ে প্রথম সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি হলেন মুজাহিদ। ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় আসে ট্রাইব্যুনাল-১ থেকে। আর ৯ অক্টোবর ট্রাইব্যুনাল-২ সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা আবদুল আলীমকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একাত্তরে নিষ্ঠুর এই স্বাধীনতাবিরোধী নেতা শারীরিক কারণে ‘মানবিক সাজা’ পেয়ে যান। পাঁচটি মামলাই আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।
একাত্তরে বিজয়ের উষালগ্নে বুদ্ধিজীবী নিধন অভিযানের ‘অপারেশন ইনচার্জ’ ছিলেন আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন, আর ‘চিফ এক্সিকিউটর’ ছিলেন আরেক আলবদর আশরাফুজ্জামান খান। ৩ নভেম্বর এ দুজনকেই বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। তবে এ দুই আসামিই বিদেশে পলাতক। এ জন্য তাঁদের কেউ আপিলও করেননি।
এক বছরে মানবতাবিরোধী অপরাধের ১০টি রায় আর হয়ে ওঠেনি শেষ পর্যন্ত। ১৩ নভেম্বর জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলার কার্যক্রমও শেষ হয় ট্রাইব্যুনাল-১-এ। যেকোনো দিন এ মামলার রায়ও ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।
১৫২ জনের ফাঁসি: ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহ করেন বিডিআর জওয়ানরা। তাঁরা নির্মমভাবে হত্যা করেন ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে। চলতি বছরের ৫ নভেম্বর সেই নৃশংস হত্যাযজ্ঞের রায় দেন বিচারিক আদালত। আসামির সংখ্যার দিক থেকে ইতিহাসের সবচেয়ে বড় এ হত্যা মামলার সাজাও হয় নজিরবিহীন। ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় ১৫২ জনকে। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পান আরও ১৬১ জন, বিভিন্ন মেয়াদে সাজা হয় আরও ২৫৬ জনের। দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা শেষে বিচার পায় রক্তাক্ত বিদ্রোহে স্বজনহারাদের পরিবার।
কান্না থামে না কল্পনা দাসের: বিশ্বজিৎ দাসকে হত্যার দায়ে আটজনের ফাঁসি হয়েছে। তবুও কান্না থামে না কল্পনা রানী দাসের। ছেলের আবক্ষ মূর্তির সামনে বসে অঝোরে কেঁদে চলেন ছেলেহারা এই মা। বিচারের রায় পেয়েছেন, এবার তিনি তা কার্যকর দেখতে চান।
১৯ ডিসেম্বর প্রথম আলোর প্রথম পাতায় কল্পনা দাসের ছবিটিই বলে দেয়, গত এক বছর কী অবর্ণনীয় শোক বয়ে বেড়াচ্ছেন তিনি। ২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী জোটের অবরোধ কর্মসূচির দিনে পুরান ঢাকায় দরজি দোকানি বিশ্বজিৎ দাসকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। নৃশংস ওই হত্যাকাণ্ডের পর ২৫ জনের নাম উল্লেখ করে সূত্রাপুর থানায় মামলা করে পুলিশ। বছরের প্রায় শেষ পর্যায়ে ১৮ ডিসেম্বর এসে বিচারিক আদালত ছাত্রলীগের আট কর্মীকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর মধ্যে আট আসামি কারাগারে ও বাকিরা পলাতক।
বছরের শেষ সূর্য অস্ত যাবে আজ। মানুষ আশা করতেই পারে, এই রক্তক্ষরণ আর সংঘাতের বছর আর নয়। বরং নতুন আরেকটি বছর আসুক, যে বছরে সব অপমৃত্যুর বিচার হবে, রক্তক্ষরণের সব দায় মেটাতে পারবে দেশের মানুষ।