অব্যাহত হত্যা, ধর্ষণ ও গুপ্তহত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রাম নগরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন।
গতকাল শুক্রবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় সারা দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। সেনানিবাসের মতো সুরক্ষিত এলাকায় সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বক্তারা বলেন, জঙ্গিগোষ্ঠীর হাতে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। জঙ্গি অর্থায়নের উৎস খুঁজে বের করে তা ধ্বংস করা এবং জামায়াত-শিবিরসহ সব সন্ত্রাসী ও মৌলবাদী সংগঠন নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা।
সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।
যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মেহেদী হাসান, নাহিদ মোস্তাফা, অটল ভৌমিক, প্রীতম দাশ, নাবিলা তানজিনা প্রমুখ।