বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনা সভায় বক্তব্য দেন ত্বকীর বাবা রফিউর রাব্বি l প্রথম আলো
আলোচনা সভায় বক্তব্য দেন ত্বকীর বাবা রফিউর রাব্বি l প্রথম আলো

‘বিচারহীনতার সংস্কৃতি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এখন আমরা বিচার চাইতে ভুলে গেছি। আবার অনেকে বিচার চাইতে ভয় পাই, যদি সেটা চাইতে গিয়ে নিজেকেই বিচারের মুখোমুখি হতে হয়!’ গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।
নারায়ণগঞ্জের আলোচিত কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার তিন বছর উপলক্ষে ‘ত্বকী হত্যার বিচারে রাষ্ট্রের অনীহা’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।
আলোচনায় সুলতানা কামাল বলেন, ‘নিষ্ঠুর একটি হত্যাকাণ্ডের বিচার হবে না—এমন দেশে বাস করছি, সেটা ভাবতেই মাথা নিচু হয়ে যায়।’ এই হত্যাকাণ্ডের বিচারের জন্য সচেতন নাগরিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সচেতন ব্যক্তিরা এগিয়ে না এলে ভবিষ্যতে বিচার চাওয়ার পরিস্থিতি থাকবে না, বিচার পাওয়া তো দূরের কথা।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ‘ত্বকী হত্যার বিচার চেয়ে তিন বছর ধরে চেষ্টা-চিৎকার করে গেলাম। কিছুই করতে পারলাম না। আমার মনে প্রশ্ন জাগছে, ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান করতে পারব তো?’ তিনি বলেন, ‘আমার এখন চিমটি কেটে দেখতে ইচ্ছা করছে, সত্যি আমরা মানুষ আছি তো?’
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, এই হত্যাকাণ্ডের বিচার হওয়া মানে সমাজে সুস্থতা ফিরিয়ে আনা। সরকারের নিজের বিকাশের জন্যই এর বিচার হওয়া উচিত।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দুই বছর আগে এই হত্যাকাণ্ডের খসড়া অভিযোগপত্র তৈরি করে সেটা সংবাদমাধ্যমের মাধ্যমে জনসমক্ষে এলেও আদালতে দেওয়া হয়নি। এর দুটি কারণ থাকতে পারে, হয় র্যাব মিথ্যা অভিযোগপত্র তৈরি করেছে, না হয় কাউকে সন্তুষ্ট করতে অভিযোগপত্র আদালতে দেওয়া হয়নি। যারা ঘাতকদের রক্ষা করতে চেয়েছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
গোলটেবিলে অংশ নিয়ে আরও বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং নারায়ণগঞ্জের নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা ও ত্বকীর বাবা রফিউর রাব্বি।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ত্বকী হত্যাকাণ্ডের তিন বছর পূর্তিতে ৪, ৫, ৬ মার্চ তিন দিনব্যাপী কর্মসূচি পালন করছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। তিন বছর ধরে মঞ্চের উদ্যোগে প্রতি মাসে নিয়মিত নানা প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে।
২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হয় ত্বকী। দুই দিন পর ৮ মার্চ সকালে নারায়ণগঞ্জের চারারগোপে শীতলক্ষ্যা নদীর নৌযান নোঙর করার খালের (হারবার) কাদাপানিতে তার লাশ পাওয়া যায়। ওই দিন ত্বকীর বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। প্রথমে মামলাটি নারায়ণগঞ্জের পুলিশ তদন্ত করে। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন ত্বকীর বাবা। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে র্যাব তদন্ত শুরু করে।
২০১৪ সালের মার্চ মাসে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেছিলেন, ‘ত্বকী হত্যাকাণ্ডে আজমেরী ওসমানসহ ১১ জনের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। যেকোনো দিন এই হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে।’ কিন্তু গত দুই বছরেও ত্বকী হত্যার অভিযোগপত্র দেয়নি র্যাব।
র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, ‘তদন্ত এখনো চলছে। আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে স্পর্শকাতর এই মামলার খুঁটিনাটি দিকগুলো তদন্ত করছি।’ খসড়া অভিযোগপত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘খসড়া তো খসড়াই। খসড়া প্রণয়নের পরে খুঁটিনাটি দিকগুলো প্রণয়ন করে সব দিক বিবেচনা করে একটি সুন্দর ও গ্রহণযোগ্য চার্জশিট উপস্থাপন করা হবে।’