কল্পনা চাকমা অপহরণ মামলায় পুলিশের দেওয়া প্রতিবেদনগুলোকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, প্রতিবেদনে তদন্তকারীরা এমন সব বক্তব্য দিয়েছেন, যা ভবিষ্যতে শুধু এই মামলার নয়, অন্য অপহরণ মামলার তদন্তকেও বাধাগ্রস্ত করবে। এর মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি প্রাতিষ্ঠানিকীকরণ হবে।
রাঙামাটির বাঘাইছড়ির কল্পনা চাকমা অপহরণের ১৯ বছর উপলক্ষে গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এসব কথা বলেন। কল্পনা চাকমার অপহরণ মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবিতে চিটাগং হিল ট্র্যাকস কমিশন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
১৯৯৬ সালের ১১ জুন হিল উইমেন্স ফাউন্ডেশনের তখনকার সাংগঠনিক সম্পাদক কল্পনাকে অপহরণ করা হয়।
গতকালের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুলতানা কামাল। তিনি বলেন, ২০১৪ সালের ২০ জুলাই তদন্ত কর্মকর্তা তখনকার পুলিশ সুপার আমেনা বেগম আদালতে দেওয়া প্রতিবেদনে বলেছেন, এই মামলার মূল সাক্ষী কল্পনা চাকমা নিজেই, তাই তিনি উদ্ধার না হওয়া বা তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত মামলার তদন্ত শেষ করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিশনের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, কল্পনা ইচ্ছায় বা অনিচ্ছায় অপহৃত হয়েছেন।
সুলতানা কামাল প্রতিবেদন দুটির বক্তব্যকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেন, এটা কেমন করে হতে পারে যে অপহরণ হওয়া ব্যক্তি উদ্ধার না হলে তদন্ত হবে না? মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবেই কাউকে বাঁচাতে এ ধরনের কথা বলা হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বিচারহীনতার সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিকীকরণের জন্য এ ধরনের প্রতিবেদন দেওয়া হচ্ছে। একসময় হয়তো মেনে নিতে হবে যে গুম, অপহরণের শিকার ব্যক্তিকে পাওয়া না গেলে বিচার হবে না, তদন্ত হবে না।
সংবাদ সম্মেলনে কমিশনের সমন্বয়কারী হানা শামস্ উপস্থিত ছিলেন।