বিচারহীনতার সংস্কৃতি বন্ধের দাবি চট্টগ্রামের সংস্কৃতিকর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে প্রতিটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে নগরের প্রেসক্লাব চত্বরে ‘চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন শহীদজায়া বেগম মুশতারী শফী, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মাহফুজুর রহমান, উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি চন্দন দাশ, আইনজীবী আখতার কবির চৌধুরী, কবি কামরুল হাসান, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, আবৃত্তি সংগঠন প্রমার কর্ণধার রাশেদ হাসান, সুনীল ধর, ছাত্রনেতা শিমুল বৈষ্ণব, আল কাদেরী প্রমুখ।
বক্তারা সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল কবির সিদ্দিকী, যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান, নাট্যকর্মী মাহবুব রাব্বী, কলেজছাত্রী সোহাগী জাহান তনুসহ বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, একের পর এক মুক্তচিন্তার, মুক্তবুদ্ধির মানুষ খুন হচ্ছেন। কিন্তু প্রশাসন কূলকিনারা করতে পারছে না। ফলে দেশে এখন বিচারহীনতার সংস্কৃতি চালু হচ্ছে। এভাবে চলতে পারে না। সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। শাস্তি নিশ্চিত করা না গেলে এ ধরনের হত্যাকাণ্ড বাড়তেই থাকবে।