মুক্তচিন্তার অনুসারীদের হত্যার প্রতিবাদ বিশিষ্ট নাগরিকদের
বিচারহীনতার সংস্কৃতি বেপরোয়া করে তুলবে অপরাধীদের
পরপর কয়েকজন মুক্তচিন্তার অনুসারীর হত্যার প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ নামের সংগঠন। সংগঠনটি হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছে, বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া ও উৎসাহিত করবে।
গত বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও আহ্বায়ক সুলতানা কামাল স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে আরও স্বাক্ষর করেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, সাংবাদিক আবেদ খান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ।
বিবৃতিতে বলা হয়, চলতি বছরেই দেশে ধর্মান্ধ চরমপন্থীরা প্রকাশ্য দিবালোকে, জনবহুল সড়কে, পুলিশ ও জনগণের নাকের ডগায় মুক্তচিন্তার অধিকারী অভিজিৎ, ওয়াশিকুর, অনন্তসহ কয়েকজনকে একই রকম নৃশংস কায়দায় চাপাতি দিয়ে কুপিয়ে খুন করেছে। বিবৃতিতে বিশিষ্ট ব্যক্তিরা বলেন, ‘আমরা কোনো ধর্মবিশ্বাসী নাগরিকের ধর্মানুভূতিতে আঘাত করা সমীচীন মনে করি না। মুক্তচিন্তার কোনো নাগরিকের লেখনী যদি কারও ধর্মানুভূতিতে আঘাত দেয়, তাহলে তিনি তার প্রতিবাদ করতে পারেন, প্রচলিত আইনের আশ্রয়ও নিতে পারেন। সমালোচনার জবাবে তিনি নিজেও সমালোচনা লিখতে পারেন।’
বিবৃতিতে বলা হয়, হত্যার হুমকি দিয়ে তারপর দলবদ্ধভাবে কাপুরুষের মতো নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করা কোনোমতেই শুভবুদ্ধি বা সহানুভূতির পরিচয় বহন করে না। এই নৃশংসতাকে অনুমোদন করার কোনো কারণ নেই, জনগণকে এর বিরুদ্ধে সর্বদা সজাগ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিবৃতিতে বলা হয়, হত্যাকারীরা আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত বলে ঘোষণা করেছে। এরা তাদের হত্যার পরিকল্পনা করছে, তাদের তালিকা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। হত্যার তালিকায় যাঁদের নাম আছে তাঁদের নিরাপত্তা দেওয়া ও ঘাতক চক্রকে খুঁজে বের করে শাস্তি দেওয়া রাষ্ট্রের তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। কিন্তু এ ক্ষেত্রে এখন পর্যন্ত তাদের নিদারুণ ব্যর্থতা খুবই লক্ষণীয় এবং নিন্দনীয়। বিজ্ঞপ্তি।