
আন্তর্জাতিক মানবাধিকারকর্মী কেরি কেনেডি বলেছেন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে গুরুতর সমস্যা। বিচারহীনতার সংস্কৃতির কারণে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের বিস্তার ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ব্যাপক ক্ষমতা দিলে এ ধরনের ঘটনা ব্যাপক হারে ঘটতে থাকে।
রাজধানীর একটি হোটেলে গত রোববার প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে এই অভিমত দেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কেনেডি পরিবারের সদস্য কেরি কেনেডি। তিনি আশঙ্কা প্রকাশ করেন, বাংলাদেশের নতুন এনজিও আইন নাগরিক সমাজের কাজের ক্ষেত্রকে সংকুচিত করবে। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা রবার্ট এফ কেনেডি সেন্টার ফর জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ‘সামাজিক ব্যবসা দিবস’-এর অনুষ্ঠানে যোগ দিতে কেরি কেনেডি গত ২৭ থেকে ২৯ জুন ঢাকা সফর করেন। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি তাঁর চাচা সিনেটর এডওয়ার্ড কেনেডিকে স্মরণ করেন। কেরি কেনেডি বলেন, তিনি (এডওয়ার্ড কেনেডি) বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের একনিষ্ঠ সমর্থক ছিলেন। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরোধিতা করে বলেছিলেন, বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের পক্ষে থাকা উচিত যুক্তরাষ্ট্রের।
কেরি কেনেডি জানান, তাঁর ভাই জোয়ে কেনেডিও বাংলাদেশ সফর করেন। তাঁর কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের কথা শুনেছিলেন।
মার্কিন এ মানবাধিকারকর্মীর মতে, বাংলাদেশের মানবাধিকারের ক্ষেত্রে লোকজনকে বিচারের আগে আটক রাখাটাও একটি বড় সমস্যা। কারণ, এ সময় লোকজন ব্যাপক হারে নির্যাতনের শিকার হয়।
ঢাকায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে কেরি কেনেডি বলেন, নাগরিক সমাজের প্রতিনিধিদের মতে তাঁদের কাজের ক্ষেত্র সংকুচিত হচ্ছে। প্রশাসনের বিপক্ষে গেলে তাঁদের কেউ নিজেদের নিরাপদ ভাবেন না। বাংলাদেশের এনজিওবিষয়ক নতুন আইনের ব্যাপারে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এনজিওগুলো নিয়ন্ত্রণের নামে কার্যত এ দেশে তাদের ভূমিকাকে নিয়ন্ত্রণ করা হবে।
এই সাক্ষাৎকার দেওয়ার আগে কেরি কেনেডি সাভারে ধসে পড়া রানা প্লাজার স্থল ঘুরে দেখেন এবং তৈরি পোশাককর্মীদের সঙ্গে দেখা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তৈরি পোশাকশিল্পে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির পাশাপাশি বিয়োগান্ত ঘটনার শিকার হওয়া লোকজনের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে সরকার, ব্যাংক, মালিক ও ক্রেতাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমাদের সবাইকে নিশ্চিত করতে হবে, তৈরি পোশাকশ্রমিকদের মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে।’ তিনি মনে করেন, শুধু রানা প্লাজা ধসে নিহত ও আহত ব্যক্তিদের প্রতিই নয়, বাংলাদেশের লাখ লাখ পোশাককর্মীর ব্যাপারে যুক্তরাষ্ট্রের দায়িত্ব রয়েছে। তিনি বলেন, অসহনীয় ও অমানবিক পরিবেশে তৈরি সস্তা শার্ট পরে ক্রেতাদের সন্তুষ্ট থাকার কথা নয়।