প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রচর্চার অভাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিতর্কিত ভূমিকা এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে অপহরণ, গুম, খুন ও সহিংসতার ঘটনা বাড়ছে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত ‘কল্পনা চাকমা অপহরণ ও পরবর্তী ২০ বছর’ শীর্ষক মতবিনিময় সভায় এই অভিমত উঠে এসেছে।
বক্তারা বলেন, ত্রুটিপূর্ণ তদন্ত প্রক্রিয়ার কারণে ২০ বছরেও কল্পনা চাকমা অপহরণ মামলার কোনো সুরাহা হয়নি। এখানে রাষ্ট্র যদি তার ভূমিকা ঠিকঠাক পালন করত, তাহলে এই বিচারের জন্য অপেক্ষার প্রহর এত দীর্ঘ হতো না।
১৯৯৬ সালের ১২ জুন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা নিখোঁজ হন।
সভায় বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘একদিকে সমাজে সহিংসতা বাড়ছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়ছে। এই দুটি বিষয় থেকে আমি যেটা বলতে চাইব সেটা হলো, স্পষ্টতই সরকার যেভাবে দেশ পরিচালনা করছে সেটাতে ব্যর্থতা বাড়ছে। দেশ পরিচালনার একটা মূল দিক হলো যে শান্তি, শৃঙ্খলা থাকবে, জনগণের নিরাপত্তা বোধ থাকবে, অপরাধ হলে সুষ্ঠু-স্বাভাবিক বিচারপ্রক্রিয়ায় তার সমাধান হবে। সরকার এটা করতে পারছে না।’
এই ব্যর্থতা থেকে উত্তরণের প্রধান শর্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করা বলে মত দেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। তিনি বিদ্যমান পরিস্থিতিতে পরস্পরকে দোষারোপ না করে সংকট উত্তরণে জাতীয় সংলাপের পরামর্শ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে নিজস্ব বাহিনী হিসেবে ব্যবহার করছে, যার খেসারত দিতে হচ্ছে জনগণকে।’
কল্পনা চাকমা অপহরণ মামলার দীর্ঘসূত্রতার জন্য ত্রুটিপূর্ণ তদন্তপ্রক্রিয়াকে দায়ী করেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী সারা হোসেন। তিনি বলেন, ‘অনেক পুরোনো ঘটনার বিচার কীভাবে করা হয়, সে বিষয়ে আমরা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা পেরেছে। অতএব আমাদের দেশে এ রকম উদাহরণ আছে।’
আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান বলেন, ‘আজ গণতন্ত্রকে ক্রমান্বয়ে সংকুচিত করা হচ্ছে, কথা বলা ও চিন্তার অধিকারকে সংকুচিত করা হচ্ছে। অপরদিকে ধর্মীয় জঙ্গিগোষ্ঠী যে ধরনের উন্মাদনা সৃষ্টি করছে, সেটার পরিপ্রেক্ষিতেও আমরা একই ভয়ের বলয়ের মধ্যে পড়ে যাচ্ছি। কিন্তু রাষ্ট্র এখন পর্যন্ত যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে।’
সভা সঞ্চালনা করেন মানবাধিকারকর্মী শিরিন হক।