বিচারহীনতার সংস্কৃতির কারণে দুর্নীতি কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিহ্নিত দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তাঁরা মনে করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে দুর্নীতি কমছে না। রাজনৈতিক দলগুলোর আশ্রয়-প্রশ্রয়ে রাজনীতি আর দুর্নীতি এখন সমার্থক হয়ে গেছে। তাই সবার আগে রাজনৈতিক দলগুলোকে সংস্কার ও দুর্নীতিমুক্ত করার পরামর্শ তাঁদের।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এক সেমিনারে বক্তারা এমন অভিমত দিয়েছেন। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে সামাজিক আন্দোলনের ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে দুদক।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, দুর্নীতির সঙ্গে রাজনীতির যোগসাজশ দুর্নীতি দূর করার ক্ষেত্রে বড় বাধা। দুর্নীতি দূর করার ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক ব্যবস্থাই প্রধান মন্তব্য করে তিনি বলেন, এর পাশাপাশি দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করা হলো একটি সহযোগিতামূলক ব্যবস্থা।
এই শিক্ষাবিদ বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা নৈতিক বোধ তৈরিতে ব্যর্থ হয়েছে। মূল্যবোধসম্পন্ন মানুষ না হলে দুর্নীতি প্রতিরোধ করা কঠিন।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, দেশে দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের কদর বেশি। সাবেক সেনাশাসক এইচ এম এরশাদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, জনগণের আন্দোলনে তিনি ক্ষমতাচ্যুত হন। দুর্নীতির মামলায় কারাবরণ করেন। তারপরও বাংলাদেশের রাজনীতিতে তিনি এখনো প্রধান অনুঘটক।
নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, চিহ্নিত দুর্নীতিবাজদের শাস্তি দেওয়ার মাধ্যমে সবার কাছে এ বার্তা পৌঁছে দিতে হবে যে দুর্নীতি করে পার পাওয়া যাবে না। দুর্নীতিবাজদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ দেন তিনি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে—এর কোনো বিকল্প নেই। বিচারহীনতার সংস্কৃতি দূর করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছা একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। দুদকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, দুর্নীতির রাজনৈতিকীকরণের কথা। তাঁর মতে, দুর্নীতি কমাতে হলে ওপরের দিক থেকে কাজ শুরু করতে হবে।
দুদকের মামলায় বেশির ভাগ ক্ষেত্রে আসামিরা ছাড়া পেয়ে যাচ্ছে, এ-সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, কমিশনের কর্মদক্ষতার অভাবে এটা হচ্ছে। তিনি বলেন, দুদকের কাজ দুর্নীতি দমন, প্রতিরোধ নয়। প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রম নাগরিক সংগঠনগুলোর ওপরই ছেড়ে দেওয়া উচিত।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা দুর্নীতি প্রতিরোধের দিকে জোর দিচ্ছি। দুর্নীতি হয়ে গেলে লাভ নেই। এটা যাতে না হয়, এ জন্য প্রতিরোধমূলক কার্যক্রমে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ তিনি বলেন, অনেকেই রুই-কাতলাদের বিচারের কথা বলেছেন। কিন্তু আইনি কাঠামোর মধ্যে থাকলে জনশ্রুতি দিয়ে সব প্রমাণ করা যায় না।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন এম আমিনুজ্জামান বলেন, দুদকের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তিকে আরও গ্রহণযোগ্য করতে এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কিছু মৌলিক বিষয়ে এখনই বিশ্লেষণ করা উচিত।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, দুদকের সাবেক চেয়ারম্যান মো. বদিউজ্জামান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, সাবেক প্রধান তথ্য কমিশনার মো. জমির, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর, কণ্ঠশিল্পী হায়দার হোসেন, মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ প্রমুখ।