বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ধর্ষণের ঘটনায় নারীদের মাধ্যমে ট্রাইব্যুনাল গঠন করে দোষী ব্যক্তিদের বিচার করার দাবি জানিয়েছেন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলেছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। বিচারের পাশাপাশি ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে গতকাল শনিবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশে সংস্কৃতিকর্মীরা এ কথা বলেন। বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলার পলাতক ব্যক্তিদের গ্রেপ্তার ও আসামিদের শাস্তির দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। একই দাবিতে ১৮ মে বিকেল পাঁচটায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিল করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, এটা অত্যন্ত দুঃখজনক, স্বাধীনতার এত বছর পরও ধর্ষণের ঘটনা নিয়ে এমন একটি বিক্ষোভ করতে হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। প্রকৃত অপরাধীদের শাস্তির পাশাপাশি ধর্ষকদের, নির্যাতনকারীদের ও ধর্ষকের পরিবারকে সামাজিকভাবে বয়কট করতে হবে।
গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর বলেন, ‘তনু হত্যা থেকে একের পর এক নারী ও শিশু ধর্ষণের শিকার হচ্ছে, আমরা তা দেখছি। বিচারহীনতার সংস্কৃতি চলছে বলেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে।’
সাংসদ নাজমুল হক প্রধান এই সমাবেশে সংহতি জানিয়ে বলেন, শুধু ধর্ষক নয়, ধর্ষকের পিতাকেও আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করতে হবে।
সমাবেশে সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, আবৃত্তিশিল্পী মাসকুর-এ-সাত্তার, অভিনয়শিল্পী সহিদুল ইসলাম সাচ্চু, নৃত্যশিল্পী আমানুল হক, শিল্পী কামাল পাশা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মদ গিয়াস প্রমুখ সংস্কৃতিকর্মী বক্তব্য দেন।