সাংবাদিক ও মতপ্রকাশের স্বাধীনতার সপক্ষের কর্মীদের নৃশংস হত্যার পর বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকায় নৃশংস হত্যাকাণ্ড বাড়ছে। আর সাংবাদিকদের হত্যার কারণে জনগণ বঞ্চিত হচ্ছে তথ্য পাওয়া থেকে।
এ বছরের বৈশ্বিক স্বাধীনতার মূল্যায়ন করতে গিয়ে অ্যাটাকস অন দ্য প্রেস, দ্য নিউ ফেস অব সেন্সরশিপ বইয়ের একটি অধ্যায়ে এমন মত দিয়েছেন সিপিজের উপনির্বাহী পরিচালক রবার্ট মেহোনি। বইটিতে ‘দ্য পাবলিক ইজ রবড অব ইনফরমেশন হোয়েন জার্নালিস্ট আর মার্ডারড’ (সাংবাদিক খুন হলে তথ্যবঞ্চিত হয় জনগণ) শিরোনামে নিবন্ধটি লিখেছেন তিনি।
সাংবাদিক অধিকার সুরক্ষায় উচ্চকণ্ঠ যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) বইটি প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার সিপিজের ওয়েবসাইটে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তির উৎকর্ষের পরও জটিল এবং অভিনব কৌশলের মাধ্যমে বিশ্বজুড়ে সরকার, রাষ্ট্রের বাইরের বিভিন্ন শক্তি এবং করপোরেশন বিপুল পরিমাণ তথ্য নিয়ন্ত্রণ করছে।
রবার্ট মেহোনি তাঁর নিবন্ধে লিখেছেন, মতপ্রকাশের স্বাধীনতার চর্চার জন্য সাংবাদিক অভিজিৎ রায় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠা করেন। এ জন্য শেষ পর্যন্ত তাঁকে জীবন দিতে হয়েছে। ২০১৫ সালে একুশের বইমেলা থেকে বের হওয়ার পথে বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্লগার এবং তাঁর স্ত্রীর ওপর হামলা চালায় ইসলামি জঙ্গিরা। গুরুতর আহত হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ। একই বছর পৃথক আরও চারটি ঘটনায় সন্দেহভাজন জঙ্গিদের হাতে নৃশংসভাবে খুন হন আরও চারজন ব্লগার। কিন্তু এই হত্যাকাণ্ডগুলোর জন্য কারও বিচার হয়নি। তিনি লিখেছেন, বাংলাদেশের সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী হত্যার হুমকি পেয়ে ব্লগাররা দেশ ছেড়েছেন কিংবা মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে ততটা উচ্চকিত নন।
সিপিজের এক গবেষণায় দেখা গেছে, বিভিন্ন জঙ্গিগোষ্ঠী অনেক দিন ধরেই সাংবাদিকদের হুমকি দিয়ে আসছে। রাষ্ট্র এসব হুমকিদাতাদের রাশ টেনে ধরতে ব্যর্থ হওয়ায় তাদের সংখ্যা বাড়ছে। বিশ্বজুড়ে, বিশেষ করে দক্ষিণাংশের দেশগুলো মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সাংবাদিক হত্যাকারীদের দায়মুক্তি। গত এক দশকে সাংবাদিক হত্যাকারীদের মাত্র ৩ শতাংশের পুরোপুরি শাস্তি হয়েছে। একই সময়ে ৪০ শতাংশের বেশি হত্যাকাণ্ডের সন্দেহভাজন অপরাধীদের মধ্যে আইএসসহ অন্যান্য জঙ্গি সংগঠন এবং রাজনৈতিক গোষ্ঠীর সদস্য।
অভিজিৎ রায় এবং অন্য ব্লগারদের হত্যাকারীরা যদি ভিন্নমতের টুঁটি চেপে ধরার লক্ষ্যে এসব হত্যাকাণ্ড চালিয়ে থাকে, তাহলে তারা এখনো পুরোপুরি সফলকাম হতে পারেনি। বাংলাদেশে কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থাকলেও বিচারহীনতার সংস্কৃতি পুরোদমে চলছে।