বিচারহীনতার সংস্কৃতির কারণেই রিসা মারা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ‘বিচারহীনতার সংস্কৃতির কারণেই একজন দরজির ছুরির আঘাতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিসা মারা গেছে। সামাজিক বা শিক্ষাগত দিক থেকে পিছিয়ে থাকা একজন দরজিও রিসার মতো মেধাবী ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস পায়। কেননা সে ধারণা করেছিল, যেকোনো কাজ করেও রেহাই পাওয়া যাবে।’

আজ শনিবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘নারীর জন্য নিরাপদ পরিবেশ, মানসম্পন্ন কাজ, শিশু দিবাযত্নকেন্দ্র ও যানবাহনের ব্যবস্থা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীতে পরিষদের কার্যালয়ে এই আয়োজন করা হয়। জাতিসংঘের সিডও (নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ) সনদ বা সিডও দিবস উপলক্ষে সনদের ১১ নম্বর ধারা বাস্তবায়নের দাবিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

১১ নম্বর ধারায় নারীর জন্য কাজের সহায়ক পরিবেশ, অনানুষ্ঠানিক খাতে মজুরির সমতা, ব্যক্তিমালিকানাধীন খাতে ছুটি, শিশু দিবাযত্নকেন্দ্র, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষা, সন্তানধারণকালে বিশেষ সুরক্ষার ব্যবস্থা, কর্মসংস্থান নীতিমালা ঘোষণা এবং প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের জন্য বাড়তি কর্মসংস্থানের সুযোগের কথা বলা হয়েছে।

কাজী রিয়াজুল হক বলেন, সামাজিক নিরাপত্তার অভাবেই মেয়েরা একটা পর্যায়ে গিয়ে ঝরে পড়ছে। রাষ্ট্রকেই এ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, মেয়ে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো ফলাফল করছে। কিন্তু সেই অর্থে তারা বাস্তব জীবনে ভূমিকা রাখতে পারছে না। দেশের প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকটি নীতিনির্ধারণী পর্যায়ে নারী আছেন। কিন্তু পোশাকশিল্প কারখানাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা উঁচু পদে যেতে পারছেন না।

কাজী রিয়াজুল হক আশা করেন ভবিষ্যতে নারীদের জন্য আলাদা একটি কমিশন গঠিত হবে।

সেমিনারে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, সমাজে নারী-পুরুষের যে সম্পর্ককাঠামো, সে কারণেই দরজি রিসাকে বিয়ের প্রস্তাব বা মারতে পেরেছে।

সেমিনারে কাজী রিয়াজুল হক জানান, রিসার হত্যাকারী যাতে গ্রেপ্তার হয়, সে জন্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিজেও সারাক্ষণ খোঁজখবর রেখেছেন।

এ প্রসঙ্গে আয়শা খানম বলেন, রিসার হত্যাকারী গ্রেপ্তার হয়েছেন। তবে তনু বা মিতু হত্যা নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে। তনুর তদন্তেরই আবার তদন্ত হওয়া প্রয়োজন। আর মিতুর হত্যার বিচারের চেয়ে তাঁর স্বামী চাকরি ফিরে পাবেন কি না, তা-ই বড় হয়ে দেখা দিয়েছে। রাষ্ট্র এ বিষয়গুলো কীভাবে দেখছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

সেমিনারে সিডও বিশেষ করে নারীর কর্মজীবনের সঙ্গে সম্পৃক্ত সনদের ১১ নম্বর ধারা বাস্তবায়ন নিয়ে মূল প্রবন্ধ পড়ে শোনান মহিলা পরিষদের আন্তর্জাতিক উপপরিষদের সম্পাদক রেখা সাহা। তিনি জানান, দীর্ঘ আন্দোলনের পরও এখনো সরকার সিডও সনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা ২ এবং ১৬.১ (গ)-তে সংরক্ষণ বহাল রেখেছে। এ ছাড়া যেসব ধারায় অনুমোদন দিয়েছে, সেসব ধারারও যথাযথ বাস্তবায়ন ঘটেনি।

সনদের ২ নম্বর ধারায় বলা আছে, নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করার জন্য রাষ্ট্র আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজনে আইন বা বিধিবিধানের পরিবর্তন, পরিবর্ধন অথবা বাতিল করবে। সনদের ১৬.১ (গ) ধারায় বিবাহ করা ও বিবাহবিচ্ছেদের সময় নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নুরুন নাহার ওসমানী, ইউএন উইমেনের দেশীয় প্রতিনিধি ক্রিস্টিন সুসান হান্টার, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমদ।