বিচারাঙ্গনকে বিতর্ক থেকে দূরে রাখা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, আইনজীবীদের উচিত বিচারাঙ্গনকে বিতর্ক (কন্ট্রোভার্সি) থেকে দূরে রাখা। এ ছাড়া আদালতের সিদ্ধান্তের কারণ উপলব্ধি করার জন্য উচ্চ আদালতের রায়, সমসাময়িক সিদ্ধান্তগুলো নিয়মিত পড়ার তাগিদ দিয়েছেন তিনি।
প্রধান বিচারপতি গতকাল শনিবার বার কাউন্সিলে তালিকাভুক্ত এবং ঢাকা ও ঢাকা মহানগর আইনজীবী সমিতিতে অন্তর্ভুক্ত আইনজীবীদের সনদ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ বার কাউন্সিল এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান বিচারপতি বিচার কার্যক্রমের সুবিধার জন্য জেলাগুলোতে একই এলাকার মধ্যে বিচার-সংক্রান্ত সব ভবন রাখার পরামর্শ দেন। তিনি বলেন, তা না হলে আদালতের জন্য ঠিকভাবে কাজ করতে সমস্যা হবে।
মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘অনেক জেলায় কয়েক মাইল দূরে দূরে একেকটি ভবন তৈরি করা হয়েছে। এমন হলে ম্যাজিস্ট্রেট ও জজ সাহেব সারা দিন এজলাসে বসে থাকবেন, অ্যাডভোকেট সাহেব সারা দিন রাস্তায় হাঁটবেন, আর বিচারপ্রার্থীরা আদালতে হাজিরা জমা দিয়ে দাঁড়িয়ে থাকবেন।...আদালত সম্পর্কে যাদের পরিষ্কার ধারণা আছে, তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে সাইট ঠিক করলে ভালো হয়।’
প্রধান বিচারপতি আরও বলেন, ‘আইনজীবীদের উচিত বিচারাঙ্গনকে কন্ট্রোভার্সি থেকে দূরে রাখা।...আজকাল দেখা যায় অত্যন্ত ফ্রি স্টাইলে আদালতের রায় বা আদেশ নিয়ে মন্তব্য করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই রায় অথবা আদেশ হয়তো পড়েও দেখা হয়নি। আদালত কী কারণে সিদ্ধান্তে পৌঁছলেন, সেটা রায় বা আদেশে লেখা থাকে। এ জন্য উচ্চ আদালতের রায়, সমসাময়িক সিদ্ধান্তগুলো নিয়মিত পড়তে হবে।’
বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, বেঞ্চ ও বারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে আদালতের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।
পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নতুন আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘এমন কোনো মামলায় নিয়োজিত হবেন না যাতে দেশের ক্ষতি হয়। বিচারকদের প্রতি সব সময় শ্রদ্ধাশীল থাকতে হবে। বিচারকের ভুল হতে পারে, তাহলে আপিল করতে হবে। কিন্তু বিচারকের প্রতি ক্ষুব্ধতা প্রকাশ করা যাবে না। অযথা মক্কেলদের হয়রানি করা যাবে না।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। প্রধান বিচারপতির উদ্দেশে তিনি বলেন, ‘আদালত যদি বিশেষ ভূমিকা পালন করেন, তাহলে সেটা খুবই দুঃখজনক। নিম্ন আদালতগুলোর ব্যাপারে অবশ্যই আপনাকে লক্ষ রাখতে হবে। নিম্ন আদালতগুলোতে যা চলছে তা চলতে দেওয়া যায় না।’ খন্দকার মাহবুব অবিলম্বে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দাবি জানান।
প্রধান বিচারপতি তালিকাভুক্ত নতুন আইনজীবীদের মধ্যে সনদ বিতরণ করেন এবং শপথ পাঠ করান। উচ্চ আদালতের বিচারক এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।