বিচারাধীন চোরাচালান মামলা ৩০ হাজার ৭৮৭টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে চোরাচালান সম্পর্কিত বিচারাধীন মামলার সংখ্যা ৩০ হাজার ৭৮৭টি। এসব মামলায় চোরাই পণ্যের মূল্যমান ৮৪৮ কোটি ৮৯ লাখ ৬৬ হাজার ৭৭০ টাকা। সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল সোমবার সংসদে এ তথ্য জানিয়েছেন।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পৌনে পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
ওয়ার্কার্স পার্টির হাজেরা বেগমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার সংখ্যা ৪ লাখ ৭ হাজার ৫৮৬টি। হাইকোর্ট বিভাগে বিচারাধীন ৩ লাখ ৯৪ হাজার ২২৫টি মামলার মধ্যে ৮৭ হাজার ৩১০টি দেওয়ানি, ২ লাখ ৩৭ হাজার ৯৬৪টি ফৌজদারি, রিট মামলা ৬২ হাজার ১৫৭টি এবং ৬ হাজার ৭৯৪টি আদিম মামলা। আর আপিল বিভাগে বিচারাধীন ১৩ হাজার ৩৬১টি মামলার মধ্যে দেওয়ানি ১০ হাজার ৫৭০টি, ফৌজদারি ২ হাজার ৭২৪টি এবং অন্যান্য ৬৭টি।
গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ডিসেম্বর ২০১৪ পর্যন্ত প্রশাসনে ৩ লাখ ২ হাজার ৯০৪টি পদ শূন্য ছিল। শূন্যপদের মধ্যে প্রথম শ্রেণির ৩৯ হাজার ৫৬৪টি, দ্বিতীয় শ্রেণির ৩০ হাজার ৪২২টি, তৃতীয় শ্রেণির ১ লাখ ৬৩ হাজার ৪১৭টি এবং চতুর্থ শ্রেণির ৬৯ হাজার ৫০১টি। ২০১৫ সালের তথ্য হালনাগাদের কাজ চলমান রয়েছে।
সেলিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রশাসনে ওএসডি কর্মকর্তার সংখ্যা ১৮৭ জন। তাঁদের মধ্যে দুজন সচিব, ১৭ জন অতিরিক্ত সচিব, ৭২ জন যুগ্ম সচিব, উপসচিব ৪৫ জন, সিনিয়র সহকারী সচিব ৩৫ জন এবং সহকারী সচিব ১৬ জন।
একই প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।