বিচারাধীন বিষয়ে মন্তব্য বন্ধ করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারাধীন বিষয় নিয়ে সরকারের মন্ত্রী ও সাংসদসহ রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের মন্তব্য বন্ধ করা উচিত বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে গতকাল মঙ্গলবার জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার কার্যক্রম চলাকালে ট্রাইব্যুনাল এ মত দেন। এ সময় ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে জবানবন্দি দিচ্ছিলেন তাঁর সেজ ছেলে মাসুদ সাঈদী।ট্রাইব্যুনালের কার্যক্রমের একপর্যায়ে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম একটি পত্রিকার সংবাদ উদ্ধৃত করে বলেন, খবরে বলা হয়েছে ১৬ ডিসেম্বরের মধ্যে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের বিচার শেষ হবে।এ সময় ট্রাইব্যুনাল বলেন, রাজনীতিবিদেরা অনেককে খুশি করতে অনেক কিছু বলেন, এটা বলা উচিত নয়। এমন কিছু গণমাধ্যমের সামনে বলা ঠিক না, যা বিচারককে আঘাত করে এবং বিচারিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে। এগুলো বন্ধ করা উচিত। দেখা গেছে, যাদের আইন ও কার্যক্রম সম্পর্কে কোনো ধারণা নেই, তাঁরাও বিদেশে গিয়ে অনেক কথা বলছেন।আসামিপক্ষের আরেক আইনজীবী আহসানুল হক এ সময় বলেন, এজলাসে যা ঘটে, বাইরে তা নিয়ে যাওয়া ঠিক নয়। এজলাসের বাইরে গেলে অনেক কিছু এদিক-সেদিক হয়ে যায়। তখন ট্রাইব্যুনাল বলেন, গণমাধ্যম ঠিকই লেখে। আইনজীবীদের অঙ্গভঙ্গিতে কী বোঝায়, সেটাও গণমাধ্যম ভালো বোঝে। তবে হয়তো মাঝেমধ্যে একটু এদিক-সেদিক হয়।এদিকে, সাঈদীর পক্ষে আসামিপক্ষের ১৩তম সাক্ষী মাসুদ সাঈদীর জবানবন্দি দেওয়া শেষ হয়েছে। গতকাল তিনি তৃতীয় দিনের মতো জবানবন্দি দেন। গত রোববার তিনি জবানবন্দি দেওয়া শুরু করেছিলেন। জবানবন্দিতে তিনি সাঈদীর পক্ষে আসামিপক্ষের বিভিন্ন নথি ও দলিলপত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। আজ বুধবার তাঁকে জেরা করবে রাষ্ট্রপক্ষ। সাঈদী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।গোলাম আযমের পক্ষে পাঁচ সাক্ষীর তালিকা দাখিল: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের সাবেক আমির গোলাম আযমের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য পাঁচজন সাক্ষীর তালিকা জমা দিয়েছে আসামিপক্ষ। এঁদের মধ্যে রয়েছেন উত্তর ইউরোপে ন্যাটোর সাবেক প্রধান (কমান্ডার-ইন-চিফ) জ্যাক ডেভারেল এবং যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক উইলিয়াম শাবাজ। আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক এই দুই সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য ট্রাইব্যুনালের সমন জারির আরজি জানান। এ বিষয়ে আজ বুধবার আদেশের দিন ধার্য করা হয়েছে।