বিচারাধীন বিষয়ে সংসদে বক্তব্য না দিতে নির্দেশ দিলেন স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে আদালতের বিচারাধীন বিষয়ে বক্তব্য বা মন্তব্য না করার জন্য সাংসদদের নির্দেশ দিয়েছেন স্পিকার আবদুল হামিদ। গতকাল বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় সাংসদ এস কে বাকেরের একটি বক্তব্য প্রসঙ্গে স্পিকার এ রুলিং দেন। স্পিকার বলেন, রাষ্ট্রের তিন বিভাগ আইন, শাসন ও বিচার বিভাগ আলাদা এবং স্বাধীনভাবে কাজ করে। আদালতে বিচারাধীন বিষয়ে সংসদে বক্তব্য দেওয়া যায় না। এটা কার্যপ্রণালীবিধির লঙ্ঘন। প্রসঙ্গত, সাংসদ এস কে বাকের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স নিয়ে আদালতের রায় সম্পর্কে মন্তব্য করে বলেন, এটা নজিরবিহীন ও উদ্দেশ্যমূলক। এ রায়ের মাধ্যমে সরকারি কর্মচারীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং সরকার ঠিকমতো চলবে না। তিনি একটি সংসদীয় কমিটি গঠনের মাধ্যমে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স নিষ্পত্তি দাবি করেন। তাঁর এ বক্তব্য স্পিকার এক্সপাঞ্জ করে দেন। লিখিত বক্তব্য দিলে অনুমতি নিতে হবে: স্পিকার আবদুল হামিদ সাংসদদের লিখিত বক্তব্য দিতে হলে তাঁর অনুমতি নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, অনেক সাংসদ রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় লিখিত বক্তব্য দেন।