বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি করতে রাষ্ট্রপতির আহ্বান
বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। গতকাল সোমবার রাষ্ট্রপতির সঙ্গে তাঁর বাসভবনে হাইকোর্টের ১৪ জন অতিরিক্ত বিচারপতি সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।বঙ্গভবনে বিচারপতিদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মৌলিক অধিকার সমুন্নত রাখতে বিচারকদের ভূমিকা অপরিসীম। জনগণ যেন দ্রুততম সময়ে ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করা জরুরি। বিনা অপরাধে কেউ যেন দণ্ডিত না হয়, তাও নিশ্চিত করতে হবে।সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি মো. ফারুক, মো. শওকত হোসেন, এফ আর এম নাজমুল আহসান, এ এন এম বশির উল্লাহ, আবদুর রব, কাজী রেজা-উল হক, মো. আবু জাফর সিদ্দিকী, এ কে এম জহিরুল হক, জাহাঙ্গীর হোসেন, শেখ মো. জাকির হোসেন, হাবিবুল গনি, গোবিন্দ চন্দ্র ঠাকুর, শেখ হাসান আরিফ ও জে বি এম হাসান রাষ্ট্রপতির সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন।এ সময় অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম, সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির ও প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূইঞা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।