রাষ্ট্রপতি জিল্লুর রহমান নিম্ন ও উচ্চ উভয় আদালতে বিচারাধীন সব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। নবনিযুক্ত প্রধান বিচারপতি এম ফজলুল করিম গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির। রাষ্ট্রপতি নতুন প্রধান বিচারপতির সঙ্গে বৈঠককালে সাধারণ মানুষের জন্য সুবিচার নিশ্চিত করতে বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির ওপর জোর দেন। তিনি বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিচারব্যবস্থা ডিজিটাল করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। প্রধান বিচারপতি বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠায় রাষ্ট্রপতির সমর্থন প্রত্যাশা করেন। বিচার বিভাগ পৃথক্করণের সময় এই সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছিল। বিচারপতি করিম বলেন, পৃথক সচিবালয় আদালতগুলোর কাজের গতি ও বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। নতুন প্রধান বিচারপতি বিচারকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন। জিল্লুর রহমান ধৈর্যসহকারে তাঁর বক্তব্য শোনেন এবং বিচারব্যবস্থার উন্নয়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।বৈঠকে রাষ্ট্রপতির সচিবালয়ের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।