বিচারাধীন মামলার আলামত বেচে দিলেন ওসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের (জেজেআই) পুরাতন যন্ত্রাংশ (স্ক্র্যাপ) বিক্রির একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। ওই মামলার আলামত হিসেবে জব্দ করা ছয় হাজার ৮০০ কেজি যন্ত্রাংশ বিক্রি করে দেওয়া হয়েছে। আদালতের অনুমতি ছাড়াই অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক পুরাতন যন্ত্রাংশ বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আলামত হিসেবে থানায় সংরক্ষিত ওই পুরাতন যন্ত্রাংশ বিক্রির কথা অস্বীকার করেছেন ওসি। তিনি বলেন, ‘যৌথ বাহিনী কিছু পুরাতন যন্ত্রাংশ আটক করেছিল। ওগুলো মামলার আলামত। আদালতের নির্দেশ ছাড়া আলামত বিক্রির কোনো নিয়ম নেই। এ জন্য তা বিক্রি করা হয়নি। থানা পরিষ্কার করার সময় ওই সব যন্ত্রাংশ বস্তায় ভরে একপাশে স্তূপ করে রাখা হয়েছে।’ মামলার বিবরণে জানা যায়, যশোর জুট ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ ২০০৭ সালের ৩০ মে খুলনার খালিশপুরের মেসার্স সানরাইজ এন্টারপ্রাইজের মালিক আবদুল লতিফের কাছে তিন হাজার ৬০০ কেজি পুরাতন যন্ত্রাংশ বিক্রি করে। কিন্তু পাটকলটির কয়েকজন কর্মকর্তা কৌশলে ওই ব্যবসায়ীকে তিন হাজার ৬০০ কেজির স্থলে ছয় হাজার ৮০০ কেজি পুরাতন যন্ত্রাংশ সরবরাহ করেন। গোপনে ওই যন্ত্রাংশ নিয়ে যাওয়ার সময় যৌথ বাহিনীর সদস্যরা পাটকলের প্রধান ফটকে থেকে ট্রাকটি আটক করেন। এরপর পুরাতন যন্ত্রাংশভর্তি ট্রাকটি অভয়নগর থানায় নিয়ে আসা হয়। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা পুরাতন যন্ত্রাংশ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাটকলটির পাঁচ কর্মকর্তা ও ক্রেতাকে আটক করেন। এ ঘটনায় ওই দিন অভয়নগর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম মোল্লা বাদী হয়ে পাটকলের ছয়জন কর্মকর্তা ও পুরাতন যন্ত্রাংশের ক্রেতার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলাটি বর্তমানে যশোরের বিশেষ জজ আদালতে বিচারাধীন। যৌথ বাহিনীর জব্দ করা পুরাতন যন্ত্রাংশ আলামত হিসেবে অভয়নগর থানা ভবন চত্বরে সংরক্ষিত ছিল। গত ১০ জুলাই কাজী আবদুস ছালেক ওসি হিসেবে অভয়নগর থানায় যোগদান করেন। এরপর তিনি পুরাতন যন্ত্রাংশ উপজেলার গুয়াখোলা গ্রামের পুরাতন লোহা ব্যবসায়ী নাজমুল ইসলামের কাছে বিক্রি করে দেন। নাজমুল ইসলাম বলেন, ‘থানা থেকে আমি বেশ কিছু পুরোনো লোহা ও টিন কিনেছিলাম। পরে সেগুলো অন্য এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।’ কী পরিমাণ পুরোনো লোহালক্কড় কিনেছেন তার সঠিক কোনো জবাব ওই ব্যবসায়ী দেননি। মামলার বাদী এসআই আবদুর রহিম মোল্লা বর্তমানে খুলনা নগর পুলিশের বিশেষ শাখায় কর্মরত আছেন। মুঠোফোনে তিনি বলেন, ‘আমি মামলার বাদী হলেও দুদক মামলাটির তদন্ত করেছে। মামলার ব্যাপারে তারাই ভালো বলতে পারবে।’ দুদক যশোরের মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম বলেন, ‘আদালতের অনুমতি ছাড়া বিচারাধীন মামলার আলামত বিক্রি বা নষ্ট করার কোনো নিয়ম নেই। আদালত মামলাটিতে এ ধরনের কোনো অনুমতি দেননি।’ তিনি আরও বলেন, ‘দুই তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য ছাড়া অন্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য আছে। ওই দিন মামলার আলামত উপস্থাপনের জন্য আমি আদালতের অনুমতি প্রার্থনা করব।’