বিচারাধীন মামলার সংখ্যা ১৫ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বর্তমানে ১৫ লাখ ৮২ হাজার ৮০২টি মামলা বিচারাধীন। চলতি বছর ১ জানুয়ারি পর্যন্ত দেওয়া এ হিসাবের মধ্যে ছয় লাখ ১১ হাজার ৯৪৬টি দেওয়ানি এবং নয় লাখ ৭০ হাজার ৮৫৬টি ফৌজদারি মামলা রয়েছে। জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে নাজিমউদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ এ কথা বলেন। তিনি বলেন, বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য এরই মধ্যে ২১০ জন সহকারী জজ ও বিচারিক হাকিম নিয়োগ দেওয়া হয়েছে। এসব পদে আরও ১০০ জনকে নিয়োগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক কারণে দায়ের করা এক হাজার ৭৪৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। হয়রানিমূলক এসব মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার ইংরেজি আইনগুলো বাংলায় অনুবাদের পদক্ষেপ নিয়েছে। অনুবাদের কাজ শেষ হলে আদালতে বাংলা ভাষায় রায় দেওয়া সম্ভব হবে।ডিএনডি এলাকায় জলাবদ্ধতা সমস্যা রয়েছে: সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, ডিএনডি এলাকায় বর্তমানে জলাবদ্ধতা সমস্যা রয়েছে। এ জন্য শিমরাইল, আদমজীনগর, পাগলা ও ফতুল্লায় পাম্প হাউস স্থাপন করে পাম্পের ধারণক্ষমতা ৭৪ দশমিক ৬৯ মিটার/সেকেন্ড বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সমীক্ষা অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়নে ২৯৭ দশমিক ১৪ কোটি টাকার প্রয়োজন হবে। হোসেন মুকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে সংসদের কাজে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, ২০০৮-০৯ অর্থবছরে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিভিন্ন ফরম, প্রতিবেদন কজলিস্ট, ডেথ রেফারেন্স ও ডাইজেস্ট ছাপা বাবদ ২৮ কোটি ৪৬ লাখ ৫৪ হাজার ৭৩৪ কোটি টাকা ব্যয় হয়েছে।