বিচারালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ
দেশের সব ধরনের আদালত ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক, সব বিভাগীয় কমিশনার, র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এ নির্দেশ দেওয়া হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর চার নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী ও আবদুল কাদের মোল্লার মুক্তি দাবি করে আইন মন্ত্রণালয়ে একটি ফ্যাক্সবার্তা পাঠানো হয়। এতে বলা হয়, তাঁদের মুক্তি দেওয়া না হলে বিচারালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এ পরিপ্রেক্ষিতে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠায়।গত সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির নামে দেশে নাশকতা হতে পারে বলে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন।প্রসঙ্গত, মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে জামায়াতের ওই চার নেতার বিরুদ্ধে।