বিশ্বব্যাংক কর্তৃক পদ্মা সেতু প্রকল্পের ঋণ বাতিলের সিদ্ধান্ত দুঃখজনক, নৈরাশ্যব্যঞ্জক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সরকারের কাছে টিআইবি জোর দাবি জানিয়েছে যেন অনতিবিলম্বে একটি সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত বিচারিক কমিটি গঠন করা হয়। একই সঙ্গে টিআইবি বিশ্বব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা করে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং অভিযোগ তদন্তে সক্রিয় সহায়তার পাশাপাশি ঋণের দরজা খোলা রাখার প্রস্তাব করেছে।গতকাল শনিবার টিআইবির এক বিবৃতিতে এ কথা বলা হয়। টিআইবি মনে করে, দুর্নীতি শুধু ঘুষ আদান-প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বার্থের দ্বন্দ্ব বা প্রভাব প্রয়োগ বিবেচনায় নিতে হবে।বিবৃতিতে আরও বলা হয়, টিআইবি সরকারের কাছে একটি উচ্চপর্যায়ের স্বাধীন ও সর্বজন গ্রহণযোগ্য বিচারিক কমিটি গঠনের অনুরোধ জানায়। কমিটি নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ প্রদান করবে; যা একই সময়ে জনসমক্ষে প্রকাশ করতে হবে। এ ছাড়া দুর্নীতির দায়ে অভিযুক্তদের দোষ প্রমাণ হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।সংস্থাটির আহ্বান হচ্ছে, দেশবাসীকে বঞ্চিত না করে বিশ্বব্যাংকের উচিত একদিকে বাংলাদেশ ও কানাডা উভয় দেশে তদন্তে সক্রিয় সহায়তা করা, অন্যদিকে পদ্মা সেতুর জন্য ঋণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। এই প্রকল্পে বিশ্বব্যাংকের গুরুত্বপূর্ণ অবস্থানের সুবাদে, ব্যাংক এমন ভূমিকা রাখতে পারে যেন প্রকল্প বাস্তবায়নে সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘বিশ্বব্যাংকের এই সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ, যদিও সম্পূর্ণ অপ্রত্যাশিত নয়। স্বচ্ছতা ও জবাবদিহির অঙ্গনে নবাগত, বিশ্বব্যাংক, যার নিজের গঠিত নিরপেক্ষ মূল্যায়নে দেখা গেছে যে উন্নয়নশীল দেশে তাদের ঋণ-কার্যক্রম অর্থায়নে অনিয়মের দায়ভার তাদেরও রয়েছে।’ তিনি বলেন, ‘বিশ্বব্যাংক বা সরকার কারোরই কোনো অধিকার নেই, কিছু মানুষের কথিত অনিয়মের কারণে সারা দেশবাসীকে শাস্তি প্রদান করা।’