বিচারিক কমিশনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়ায় গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর সংঘটিত ঘটনায় বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। গতকাল রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে আবেদনটি দাখিল করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ৩ অক্টোবর আদালত রুল জারি করেন ও অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। একই সঙ্গে ১৪ অক্টোবর শুনানির পরবর্তী দিন ধার্য করেন। গতকাল ইউনুস আলী সম্পূরক আবেদনটি করেন। সম্পূরক আবেদনে কক্সবাজার ও চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনা নিয়ে একে অপরকে দোষারোপকারী সরকার ও বিরোধীদলীয় নেতাদের ১৬১ ধারায় জবানবন্দি গ্রহণেরও আরজি জানানো হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতেও আবেদন করা হয়েছে। রামু, উখিয়া ও টেকনাফ এবং পটিয়ায় হামলার ঘটনায় চলতি মাসের প্রথম সপ্তাহে পৃথক রিট হয়। রিটের শুনানি নিয়ে ৩ অক্টোবর বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ দেশের সব ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেন ও রুল জারি করেন। ওই দিন ইউনুস আলীর করা আরেক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চ পটিয়া, টেকনাফ, রামু ও উখিয়া এলাকার মানুষজন এবং ধর্মীয় স্থাপনা ও বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেন ও রুল জারি করেন।