ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকদের পরিশ্রমী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। তিনি বলেছেন, বিচারিক কর্মকর্তাদের নৈতিক মান বজায় রাখতে হবে।গতকাল শনিবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত সম্মেলনের চতুর্থ দিনে তিনি এ আহ্বান জানান। প্রধান বিচারপতি বলেন, ‘বিচারকদের আল্লাহ ও মানুষের কাছে দায়বদ্ধ থাকতে হয়। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁদের উদ্যোগী হতে হবে। শুনানি শুরুর আগে নথি পর্যালোচনা করতে হবে।’ মামলাজট নিরসনে ২০০৫ সালের আগের মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।সম্মেলনে সারা দেশ থেকে আসা ৭৫ জন জ্যেষ্ঠ বিচারিক হাকিমসহ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার কে এম শহীদ আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার শেখ হাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।