গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ঘরে আগুন দেওয়া ও লুটপাটের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম মো. শহিদুল্লাহ গোবিন্দগঞ্জের সাঁওতাল-অধ্যুষিত মাদারপুর গ্রামে যান। তাঁর সঙ্গে ছিলেন গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ময়নুল হাসান ইউসুফ। এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বগুড়া অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আকতার হোসেন ওই গ্রামে যান।
গোবিন্দগঞ্জের সাঁওতালদের ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত এবং এতে পুলিশের কোনো সদস্য জড়িত কি না, তা তদন্ত করতে ১৪ ডিসেম্বর গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমকে নির্দেশ দেন উচ্চ আদালত। তদন্ত করে ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। ওই হামলার ঘটনায় করা মামলা ও অভিযোগ পিবিআইয়ের পদস্থ কর্মকর্তা দিয়ে তদন্তের জন্য রংপুর রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শককে নির্দেশ দিয়েছিলেন আদালত। পরবর্তী আদেশের জন্য আগামী ৮ জানুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার ও গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম পৃথকভাবে সাঁওতালদের সঙ্গে কথা বলেন। এ সময় সাঁওতালরা ঘরে আগুন দেওয়া ও লুটপাটের ঘটনার বর্ণনা দেন। পরে তাঁরা সংঘর্ষ ও হামলার স্থান সাহেবগঞ্জ বাণিজ্যিক খামার এলাকা পরিদর্শন করেন এবং পুড়ে যাওয়া ঘরের আলামত সংগ্রহ করেন।
মুখ্য বিচারিক হাকিম মো. শহিদুল্লাহ বলেন, ‘পুলিশ বা অন্য কেউ সাঁওতালপল্লিতে আগুন ধরিয়েছে কি না, তা উদ্ঘাটন করে অল্প সময়ের মধ্যে উচ্চ আদালতকে জানাতে পারব বলে আশা করছি।’
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত সাঁওতালদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলে প্রতিবেদন পাঠানো হবে।
তদন্ত কমিটির কর্মকর্তারা মাদারপুর গ্রামে উপস্থিত হলে তির-ধনুক ও লাঠি হাতে স্লোগান দেন ও মিছিল করেন সাঁওতালরা। তাঁরা সাঁওতাল হত্যা, ঘরে আগুন ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার ভূমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমিন বাস্কে বলেন, ‘আমাদের দাবি ছিল এসব ঘটনায় বিচারকের নেতৃত্বে তদন্ত হোক। উচ্চ আদালতের নির্দেশে তা-ই হচ্ছে। এ তদন্তে আমরা খুশি।’
গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়। সাঁওতালরা তাঁদের ওপর হামলা, ঘরে আগুন দেওয়া, পুরোনো বসতবাড়িতে লুটপাট ও হত্যার অভিযোগ করেন। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে সাঁওতালদের বাড়িতে অগ্নিকাণ্ডের সময় সেখানে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সাঁওতালদের অভিযোগ, অগ্নিসংযোগের ঘটনায় পুলিশও জড়িত।