যুদ্ধাপরাধের বিচারের সঙ্গে সংশ্লিষ্ট একদল আন্তর্জাতিক বিচারক ও আইনজীবী বলেছেন, বাংলাদেশে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে সর্বজনীনভাবে স্বীকৃত মান বজায় রাখার বিষয়টি শুধু আইন ও বিধিবিধানের ওপর নির্ভর করবে না। তা মূলত চলমান বিচার-প্রক্রিয়ায় গুণগত মানের ওপরই নির্ভর করবে।রাজধানীর সোনারগাঁও হোটেলে গত রোববার আয়োজিত ‘ওল্ড ইভিডেন্স অ্যান্ড কোর ইন্টারন্যাশনাল ক্রাইমস’ শীর্ষক এক সেমিনারে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক ড. অ্যালফোজ এম এম ওরি, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড কোহেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিশেষজ্ঞ ও লিগ্যাল টুলস প্রকল্পের সমন্বয়কারী মর্টেন বার্গসমো, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিনা ফাজেল ও ইন্দোনেশিয়ার মানবাধিকার কমিশনের শ্রী আনা সেমিনারে অংশ নেন। সাবেক যুগোস্লাভিয়ার যুদ্ধাপরাধের বিচারে জাতিসংঘ গঠিত ট্রাইব্যুনালের বিচারপতি ওরি বলেন, সংবাদপত্র বা বইয়ের মতো পুরোনো সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করা না-করার দায় ট্রাইব্যুনালের ওপরই বর্তাবে। আর সেটা কতটা গ্রহণযোগ্য হবে, তা বিচারকদের প্রজ্ঞার ওপর নির্ভর করবে। তিনি আরও স্মরণ করিয়ে দেন, বিচারকদের প্রজ্ঞাবান সিদ্ধান্ত নিলেই চলবে না। তার ভিত্তি হতে হবে যুক্তিগ্রাহ্য।বিচারপতি ওরির বিচারিক আদালত কুখ্যাত যুদ্ধাপরাধী রাদোভান কারদজিকের এক সহযোগীকে ২৭ বছর দণ্ড দিয়েছিলেন।আইনমন্ত্রী শফিক আহমেদ সেমিনারে বলেন, এটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয়, তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধ বিষয়ে স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে দেশীয় আইনে এ বিচার-প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ব্যারিস্টার শফিক বলেন, বিচার-প্রক্রিয়া বিদেশি পর্যবেক্ষকেরাও পর্যবেক্ষণ করতে পারবেন। এ ছাড়া আদালতের কার্যক্রম জনগণকে দেখানোর লক্ষ্যে ট্রাইব্যুনালের বাইরে বড় স্ক্রিনে বিচারকাজ প্রত্যক্ষ করার ব্যবস্থা রাখা হবে।ফোরাম ফর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অ্যান্ড হিউম্যানিটারিয়ান ল (এফআইসিএইচএল) এবং আমির অ্যান্ড আমির অ্যাসোসিয়েটস যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম সূচনা বক্তৃতায় বলেন, গণতন্ত্র ও শান্তি টেকসই করা এবং পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে গড়ে ওঠা দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতেই মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার অপরিহার্য হয়ে পড়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম ট্রাইব্যুনালের কাঠামো, আইন ও বিধিবিধান সম্পর্কে একটি ধারণাপত্র উপস্থাপন করেন।