বিচারিক হাকিমের আদালতের আসবাবপত্র সরানোর অভিযোগ
মেহেরপুর জেলা ও দায়রা জজের নির্দেশে মুখ্য বিচারিক হাকিমের আদালতের আসবাবপত্র সরিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর ফলে গত বৃহস্পতিবার একটি টুলে বসে মুখ্য বিচারিক হাকিম মাহফুজুর রহমানকে বিচারকাজ শেষ করতে হয়েছে বলে জানা গেছে। হাকিম আদালতের আসবাবপত্র সরিয়ে নিয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা। আইনজীবীরা জানান, এ ঘটনার পর গতকাল রোববার দুই আদালতের বিচারক ছুটিতে ছিলেন। এ ঘটনার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি এক সাধারণ সভার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর আলম মোল্লাকে হাকিম আদালতের আসবাবপত্র ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন। ওই সভা থেকে বলা হয়, বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিচারকের খাসকামরা ও অফিসকক্ষ থেকে নিয়ে যাওয়া সব আসবাবপত্র ফেরত না দিলে আইনজীবীরা জেলা জজের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন। আদালত সূত্র জানায়, গত বৃহস্পতিবার আদালত চলাকালে জেলা জজের নির্দেশে তাঁর কর্মচারীরা মুখ্য বিচারিক হাকিমের আদালত ও খাসকামরায় বসার চেয়ারসহ সব আসবাবপত্র সরিয়ে নিয়ে যান। এরই প্রতিবাদে গতকাল রোববার মেহেরপুর জেলা আইনজীবী সমিতি এক সাধারণ সভা করে জজের বিরুদ্ধে এই ঘোষণা দেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ওই সভায় আইনজীবীরা জজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে বক্তব্য দেন। এ সময় জজের পক্ষ নিয়ে বক্তব্য দেওয়ায় সরকারি কৌঁসুলি (জিপি) মোজাম্মেল হক বিক্ষুব্ধ আইনজীবীদের তোপের মুখে পড়লে তিনি বক্তব্য প্রত্যাহার করে নিয়ে দুঃখ প্রকাশ করেন। সভায় আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল হাকিম জজের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, এই বিচারকের কাছে বিচারপ্রার্থীর বিচার ভূলুণ্ঠিত হচ্ছে প্রতিদিন। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম বলেন, আইনের আলোকে নয়, শহরের একজন জনপ্রতিনিধির ইশারায় জজ আদালতে আসামিদের জামিন দেওয়া হয়। সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশীদ বলেন, মুখ্য বিচারক হাকিমের আদালত থেকে আসবাবপত্র কেড়ে নিয়ে জেলা জজ বিচারাঙ্গন ও আইনজীবীদের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছেন। সভায় বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি মিয়াজান আলীসহ আইনজীবী মারুফ আহমেদ, আবদুল জাব্বার, আবদুল মতিন, আবু বক্কার, আনোয়ার হোসেন, আসাদুল আযম, আবদুর রাজ্জাক, কলিমুদ্দিন খানসহ অনেকে।আইনজীবী ও আদালত সূত্র জানায়, মুখ্য বিচারিক হাকিম আদালতের ব্যবহূত সব আসবাবপত্র ছিল জেলা জজ আদালতের। মুখ্য বিচারক হাকিমের আদালতের নতুন আসবাবপত্র ক্রয়ের জন্য গত বছর এবং এবার সরকারি অর্থ বরাদ্দ আসে। যেহেতু আসবাবপত্র আছে তাই নতুন আসবাবপত্র কেনাকে সরকারি অর্থ অপচয় মনে করে মুখ্য বিচারিক হাকিম আসবাবপত্র কিনতে রাজি হননি। অপরদিকে জেলা জজ নতুন আসবাবপত্র ক্রয়ে দরপত্র আহ্বানের জন্য মুখ্য বিচারিক হাকিমকে চাপ দেন বলে অভিযোগ ওঠে। এরই জের ধরে জেলা জজ গত বৃহস্পতিবার তাঁর কর্মচারীদের দিয়ে আসবাবপত্র সরিয়ে নেন বলে জানা যায়। গতকালও বিচারকের আদালতকক্ষ, খাসকামরা ও অফিসকক্ষ আসবাবপত্রশূন্য দেখা গেছে। এ ব্যাপারে মুখ্য বিচারিক হাকিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। অপরদিকে জেলা জজ জাহাঙ্গীর আলম মোল্লা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘মালামাল সরানোর অভিযোগ প্রমাণ করতে পারবেন না। তাই এমন সংবাদ না দেওয়াই ভালো।’ নাম প্রকাশে অনিচ্ছুক জজ আদালতের একাধিক কর্মচারী ও কর্মকর্তা মালামাল সরানোর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।