স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিচারের দীর্ঘসূত্রতা ন্যায়বিচারকে ব্যাহত করে। একটি মামলা শেষ হতে আট থেকে দশ বছর চলে যায়। এরপর মামলার ফল বাদী বা বিবাদী কারও কাছেই প্রাপ্তিকর বিষয় হয় না। তাই দেশে ন্যায়বিচার নিশ্চিত করতে হলে বিচারকাজ অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে।
ফরিদপুরে ‘সরকারি আইনি সহায়তা কার্যক্রমের সাফল্য ও বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল জেলা লিগ্যাল এইড বিষয়ক’ একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। গত শনিবার বেলা ১১টার দিকে শহরের কবি জসীমউদ্দীন হল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা লিগ্যাল এইড কমিটি।
মন্ত্রী বলেন, ‘কোনো দেশে বিচার ও আইন না থাকলে সে দেশ চলতে পারে না। পাশাপাশি আমাদের দেশে মামলার বিষয়টি অত্যন্ত জটিল করে রাখা হয়েছে।’ ‘মামলা হলে লাভ হয় পুলিশ আর দারোগার’ মন্তব্য করে মন্ত্রী বলেন, মামলা করে বাদী-বিবাদী উভয়েই নিঃস্ব হয়ে যায়। এ জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০০০ সালে বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল হিসেবে জেলা লিগ্যাল এইড কমিটি গঠন করতে আইন করেছে।
মন্ত্রী বলেন, মামলা কমাতে গ্রাম্য আদালতকে গুরুত্ব দিচ্ছে এই সরকার। এ জন্য পাঁচ কোটি টাকার অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সময় শেষ হওয়ার পরও এ প্রকল্পের মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে।