বিচারে দেরি হলে আসামিরা সুবিধা নেওয়ার চেষ্টা করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার অধিকতর তদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর করা আবেদন শুনানির সময় হাইকোর্ট বলেছেন, এই মামলার বিচার কোনো কারণে দেরি হলে কারাগারে থাকা আসামিরা বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল মঙ্গলবার এই আবেদনের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি হয়। ৬ ডিসেম্বর এই আবেদনের ওপর আবার শুনানি হবে।
গতকাল নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। সঙ্গে ছিলেন আইনজীবী সুব্রত চৌধুরী ও মন্টু ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
শুনানিতে আবদুল বাসেত মজুমদার বলেন, নূর হোসেন এই হত্যাকাণ্ডের মূল নকশাকার। এ মামলার বাদী তাঁকেসহ ছয়জনকে আসামি করলেন, অথচ অভিযোগপত্রে নূর হোসেনকে রেখে বাকি পাঁচজনকে বাদ দেওয়া হলো। আর তদন্ত থেকে অভিযোগপত্র দাখিল পর্যন্ত নূর হোসেন বিদেশে ছিলেন। কিন্তু এখন যখন নূর হোসেন আয়ত্তে আছেন, তাহলে কেন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না?
আদালত বলেন, নারাজি ও তা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে নিম্ন আদালত যে আদেশ দিয়েছেন, তা যথেষ্ট যুক্তিপূর্ণ। বিচারের মধ্য দিয়েই অনেক কিছু বের হয়ে আসে, অধিকতর তদন্তের দরকার হয় না। আর অভিযোগপত্র দেওয়ার পর আসামিকে জিজ্ঞাসাবাদ করার নজির দেখাতে হবে।
এ সময় বাসেত মজুমদার হাইকোর্টের এ-সংক্রান্ত একটি রায় তুলে ধরেন। আদালত বলেন, এটা ঠিক যে এ হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেকেই যেন বিচারের আওতায় আসে, তা দেখতে হবে। আবার মামলা কোনো কারণে দেরি হয়ে গেলে কারাগারে যারা আছে, তারা বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করবে। সেটাও দেখতে হবে।
শুনানির একপর্যায়ে বাসেত মজুমদারকে আদালত বলেন, ‘এ মামলার অভিযোগপত্রে ত্রুটি আছে, সময় নিয়ে এ ত্রুটি খুঁজে বের করে আনবেন। এ ছাড়া অভিযোগপত্র দেওয়ার পর আসামিকে জিজ্ঞাসাবাদের বিষয়ে আপিল বিভাগের রায় আছে কি না, সেটাও বের করে আনবেন। দেশের মানুষ এ মামলার বিচারের দিকে তাকিয়ে আছে, ফল যা-ই হোক, বিচার শুরু করা উচিত।’
পরে ৬ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন আদালত।
সাত খুনের মামলায় চলতি বছরের ৮ এপ্রিল র্যাবের সাবেক তিন কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেনসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ দেওয়ায় ১১ মে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন সেলিনা ইসলাম। ৮ জুলাই ওই নারাজি আবেদন খারিজ হয়। পরে সেলিনা ইসলামের নারাজি আবেদন পুনর্বিবেচনার (রিভিশন) আবেদন খারিজ হয়। এরপর তিনি ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন। গত ২৯ নভেম্বর ওই আবেদনের শুনানি শুরু হয়।
গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নজরুলের স্ত্রী ও চন্দন সরকারের জামাতা পৃথক দুটি মামলা করেন।