বিচারে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে : আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফিক আহমেদ ও কামরুল ইসলাম
শফিক আহমেদ ও কামরুল ইসলাম

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ‘সমস্ত দিক বিবেচনা করে আন্তর্জাতিক মান ও স্বচ্ছতা বজায় রেখে বিচার হয়েছে। আমার মনে হয়, এটা দেশবাসীর প্রত্যাশা ছিল এবং দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে। বয়স বিবেচনায় মৃত্যুদণ্ড না দেওয়া আন্তর্জাতিক রীতি বলে মনে করি।’ তিনি বলেন, ‘বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন, তা সবাইকে মানতে হবে।’ মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের রায়ের পর আজ সোমবার সচিবালয়ে সচিবালয়ে আইনমন্ত্রীর কক্ষে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান তিনি। সরকারের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় এ রায় দেওয়া হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এ ধরনের কোনো সমঝোতা হয়েছে বলে আমার মনে হয় না।’ রায়ের বিরুদ্ধে সরকার আপিল করবে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এটা নির্ভর করবে প্রসিকিউশনের ওপর।’ আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘আদালতের রায়ে তাঁকে একাত্তরের ঘাতকদের শিরোমণি বলা হয়েছে। তাঁর মৃত্যুদণ্ডই হওয়া উচিত ছিল বলে উল্লেখ করা হয়েছে। তবে বয়স বিবেচনায় তাঁকে ৯০ বছরের সাজা দেওয়া হয়েছে। এতে অসন্তুষ্ট হওয়ার কিছু দেখছি না। আশা করি, সরকারের মেয়াদেই দণ্ডপ্রাপ্ত কয়েকজনের রায় কার্যকর করতে পারব।’