বিচারে সরকারের আন্তরিকতার অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯৬ সালের এ দিনে অপহূত হন কল্পনা চাকমা। এই ঘটনার ১৮ বছর পূর্তি উপলক্ষে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: ফোকাস বাংলা
১৯৯৬ সালের এ দিনে অপহূত হন কল্পনা চাকমা। এই ঘটনার ১৮ বছর পূর্তি উপলক্ষে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: ফোকাস বাংলা

সরকারের আন্তরিকতার অভাবে ১৮ বছরেও রাঙামাটির কল্পনা চাকমা অপহরণের বিচারকার্যক্রম শেষ হয়নি। এমনকি ঘটনার মূল আসামিদের শনাক্ত করা হলেও, কেবলমাত্র একটি বিশেষ সংস্থার কারণে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না বলে দাবি করেছেন আলোচকেরা।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে কল্পনা চাকমা অপহরণের ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব দাবি করেন।
হিল উইমেন্স ফেডারেশন আয়োজিত ‘অপহরণ ঘটনার যথাযথ বিচার চাই, অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ শীর্ষক এই আলোচনা সভায় লিখিত মূল বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মনিরা ত্রিপুরা।
সংগঠনের সভাপতি চঞ্চনা চাকমার সভাপতিত্বে সভায় জানানো হয়, ১৮ বছর আগে ১৯৯৬ সালের এ দিনে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাংগঠনিক সম্পাদক নারী নেত্রী কল্পনা চাকমা অপহূত হন।
সভায় বলা হয়, এ অপহরণ ঘটনার পর বাঘাইছড়ি থানায় মামলা করা হয়। এর এক যুগেরও বেশি সময় পর ২০১০ সালের ২১ মে তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। এতে মামলার বাদী ও কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী চাকমা আদালতে নারাজি দেওয়ার পর আদালত পুনরায় তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। সিআইডি ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করেন। মামলার বাদী তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে পুনরায় আদালতে নারাজি জানিয়ে আবেদন করেন। এরপর আদালত আবার তদন্তের জন্য জেলা পুলিশ সুপারকে দায়িত্ব দেন। তদন্ত কর্মকর্তার কয়েক দফা সময় বাড়ানোর আবেদনের পর আগামী ৯ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম দাবি করেছেন, কল্পনা চাকমা বেঁচে রয়েছেন। কিন্তু তিনি কেন কল্পনার কোনো হদিস জনগণকে দিচ্ছেন না। আর মূল ও চিহ্নিত আসামি সেনাবাহিনীর কর্মকর্তা ফেরদৌস (বর্তমানে মেজর), ভিডিপি প্লাটুন কমান্ডার মো নুরুল হুদা ও মো. সালেহ আহমেদকে গ্রেপ্তার করে আইনি কার্যক্রমে সহায়তা করছেন না?’
সুলতানা কামাল বলেন, সাধারণ মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জিম্মি। সরকারের উদ্যোগ ও আন্তরিকতার অভাবে যেমন কল্পনা অপহরণের মামলার সুরাহা হচ্ছে না, তেমনি সাধারণ জনগণও নিরাপদ বোধ করছে না। তিনি ওই সময়ে গড়া তদন্ত কমিটির প্রধান বিচারপতি আবদুল জলিলের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি জানান।
মানবাধিকার কর্মী হামিদা হোসেন বলেন, যেসব তদন্ত কর্মকর্তা কল্পনা অপহরণের মামলার সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দিতে পারছেন না, তাঁদের বার্ষিক মূল্যায়ন কীভাবে হচ্ছে, সেটা জানাতে হবে জনগণকে।
সম্প্রতি নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিপীড়নের বিষয়ে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে মন্তব্য করে হামিদা হোসেন বলেন, ‘এবার আমাদের নিজেদেরই সক্রিয় হয়ে কল্পনার বিষয়ে খোঁজ করতে হবে।’ তিনি তথ্য অধিকার আইনের আওতায় বিচারপতি আবদুল জলিলের প্রতিবেদন বের করার পরামর্শ দেন।
নিজেরা করির সমন্বয়ক খুশি কবির বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের আসামিরা প্রকাশ্যে আসতে পারলে কল্পনা অপহরণের ঘটনায় কেন আইনি অগ্রগতি নেই। তিনি দ্রুত কল্পনা অপহরণের বিচারপ্রক্রিয়া শেষ এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সভায় উপস্থিত সাংসদ উষাতন তালুকদারকে সংসদের আগামী অধিবেশনে কল্পনা চাকমা অপহরণের মামলার অগ্রগতি এবং এ বিষয়ে সরকার কতটুকু আন্তরিক, তা প্রশ্ন করার পরামর্শ দেন আলোচকেরা।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক চন্দ্রা ত্রিপুরার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার তন্দ্রা চাকমা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী নেতারা।