বিচারের অপেক্ষায় কারাগারেই সাজার মেয়াদ শেষ

যখন তিনি গ্রেপ্তার হন, তখন তাঁর বয়স ছিল ২৪ বছর। এরপর কেটে গেছে প্রায় ১০ বছর। কোনো আইনজীবী আদালতে তাঁর জামিন চাননি। বিনা বিচারে কারাগারে কেটেছে তাঁর দিন-রাত। এত বছর পর গতকাল মঙ্গলবার তাঁর হয়ে একজন আইনজীবী জামিন চান। ঢাকার একটি আদালত তাঁকে জামিনও দিয়েছেন। বিনা বিচারে কারাগারে থাকা এই যুবকের নাম মো. ফিরোজ। তাঁকে গ্রেপ্তার করা হয় ২০০৭ সালের ৯ মে।
ফিরোজের আইনজীবী মনিরুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ফিরোজের বিরুদ্ধে ডাকাতির মামলার অপরাধ প্রমাণিত যদি হয়, তবে তাঁর শাস্তি হওয়ার কথা ৭ থেকে ১০ বছর। অথচ এ মামলায় বিনা বিচারে ১০ বছর কারাগারে কাটছে ফিরোজের জীবন। ঘটনাটি অমানবিক। জানার পর তিনি তাঁর হয়ে আদালতে জামিন চান।
মামলার নথি থেকে জানা গেল, ১০ বছর আগে ২০০৬ সালের মে মাসে রাজধানীর পল্লবীতে আবদুল মান্নান পাটোয়ারী নামের এক ব্যক্তির বাসায় ডাকাতি সংঘটিত হয়। অস্ত্রের মুখে জিম্মি করে ওই বাসা থেকে দুর্বৃত্তরা ৩ লাখ ৭২ হাজার টাকার মালামাল লুট করে। এ ঘটনায় তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন। তদন্ত করে ওই বছরের ২৬ নভেম্বর মিরপুর থানার উপপরিদর্শক মাহবুবু আলম ফিরোজসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এর দুই বছর পর ২০০৮ সালের ৯ জুন আদালত তাঁদের বিচার শুরু করেন। ফিরোজসহ বাকি আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে বিচার চান। এ মামলায় জামিনে আছেন আরও দুই আসামি। পলাতক আছেন আরও দুজন। সাক্ষীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তাঁদের আদালতে হাজির করা হয়নি।
প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, ফিরোজের বিরুদ্ধে করা মামলাটির বিচার চলছে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে। যে তদন্ত কর্মকর্তা আদালতে ফিরোজসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন, তিনি কখনই আদালতে আসেননি। যদিও আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কেবল তদন্ত কর্মকর্তা নন, পুলিশের আরও তিনজন সাক্ষীও আদালতে আসেননি। ১০ বছরে মামলার ১১ জন সাক্ষীর মধ্যে মাত্র দুজন সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ ২০১৩ সালে একজন আদালতে এসে সাক্ষ্য দিয়ে যান। এরপর আর কোনো সাক্ষী আদালতে হাজির হননি। অথচ মামলার শুনানির দিন আসামি ফিরোজকে আদালতে হাজির করা হয়েছে। তবে মামলার বাদী আবদুল মান্নান পাটোয়ারি ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর সাক্ষ্য দিয়েছেন।
আদালত থেকে যাঁদের বিরুদ্ধে পরোয়ানা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে পুলিশ সাক্ষী হিসেবে আছেন পল্লবী থানার এসআই মাহবুব আলম, এসআই নিজাম উদ্দিন, এসআই আশরাফুজ্জামান।
জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির প্রথম আলোকে বলেন, ফিরোজের মামলায় কোনো সাক্ষীর বিরুদ্ধে আদালতের সমন জারি হয়ে তাঁর থানায় এসেছে কি না, তা তিনি জানেন না। বিষয়টি তিনি খোঁজ নেবেন। পুলিশের এই কর্মকর্তা বললেন, ১১ বছর আগে যেসব পুলিশ কর্মকর্তা এই মামলার তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা এখন কোথায় কর্মরত আছেন, তা বের করা কঠিন।
ফিরোজকে গতকাল এ মামলায় হাজির করা হয়। আদালত চত্বরে ফিরোজ প্রথম আলোকে বলেন, সন্দেহজনকভাবে তাঁকে এ মামলায় গ্রেপ্তার করে পুলিশ। তিনি বলেন, ছোটবেলা বাবাকে হারিয়েছেন। অভাবের সংসার। গ্রেপ্তার হওয়ার পর আর কেউ তাঁর খোঁজখবর নেননি। দীর্ঘ কারাবাসের গল্প বলার সময় তাঁর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল।
ফিরোজকে আইনি সহায়তা দিয়েছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স টু হেল্পলেস প্রিজনারস নামের একটি বেসরকারি মানবাধিকার সংগঠন। সংস্থাটির প্যানেল আইনজীবী মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারের আগে ফিরোজ বিয়ে করেছিলেন। গ্রেপ্তারের পর স্ত্রী আর তাঁর খোঁজ রাখেননি।
ঘটনাটি জানানোর পর সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক আজ বুধবার প্রথম আলোকে বলেন, বিনা বিচারে আইনবহির্ভূতভাবে এই আসামিকে কারাগারে রাখার জন্য সরকারকে লাখ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত। দুনিয়ার সব সভ্য দেশে এটাই নিয়ম।