বিচারের আশা ছেড়ে দিয়েছে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের কোটি টাকার দরপত্র জমা দেওয়া নিয়ে সংঘর্ষে চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় শিশুসহ জোড়া খুনের ঘটনায় করা মামলার তদন্ত চার বছরেও শেষ হয়নি। আসামিদের প্রায় সবাই যুবলীগ ও ছাত্রলীগের প্রভাবশালী নেতা-কর্মী হওয়ায় নিহত দুজনের স্বজনেরাও বিচারের আশা ছেড়ে দিয়েছেন। অন্যদিকে পুলিশ বলছে, ১৪ আসামির সঠিক নাম-ঠিকানা না পাওয়াতেই মামলার তদন্ত আটকে আছে।

এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি হত্যার ঘটনায় ব্যবহৃত অস্ত্র। এই মামলায় গ্রেপ্তার হওয়া ৬২ আসামির সবাই জামিনে বেরিয়ে গেছেন।

২০১৩ সালের ২৪ জুন যুবলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সদস্য হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সহসম্পাদক সাইফুল আলম ওরফে লিমনের অনুসারী নেতা-কর্মীদের মধ্যে চট্টগ্রামের সিআরবি (রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর) এলাকায় সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাণ হারান যুবলীগের কর্মী সাজু পালিত ও শিশু মো. আরমান।

নিহত শিশু আরমানের মা আছিয়া বেগম থাকেন সিআরবি এলাকার বস্তিতে। মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করেন তিনি। তাঁর স্বামী রিকশাচালক। সেদিন তাঁর আট বছর বয়সী ছেলে আরমান বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিতে প্রাণ হারায়। ছেলে হত্যার বিচার নিয়ে তিনি বলেন, ‘চার বছর ধরে কাঁদছি। এখন বলার কিছু নেই। আশা ছেড়ে দিয়েছি।’

নিহত সাজু পালিতের মা মিনতি পালিত বলেন, ‘ছেলে হত্যার বিচার দেখে যেতে পারব বলে মনে হয় না।’

বাবর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী এবং লিমন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ঘটনার পরদিন বাবর ও লিমনকে নিজ নিজ সংগঠন থেকে বহিষ্কার করা হয়। অবশ্য পরে বাবরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে তিনি কেন্দ্রীয় যুবলীগের উপ-অর্থ সম্পাদক। লিমন কোনো পদে নেই।

জোড়া খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সাইফুল আলম প্রথম আলোকে বলেন, ঘটনার দিন তিনি দরপত্র জমা দিতে গিয়েছিলেন। রাজনৈতিকভাবে হয়রানি করতে এই মামলায় জড়ানো হয়েছে বলে তাঁর দাবি। অন্যদিকে বাবরও দাবি করে আসছেন, তিনি খুনের সঙ্গে জড়িত নন।

ঘটনার ২৮ মাস পর ২০১৫ সালের ২৩ নভেম্বর চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দেয় নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযোগপত্রে বাবর, লিমন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি (সম্প্রতি কমিটি স্থগিত করা হয়েছে) আলমগীর টিপুসহ ৬২ জনকে আসামি করা হয়। এ ছাড়া ১৪ জনের সঠিক নাম-ঠিকানা না পাওয়ায় তাঁদের অব্যাহতির সুপারিশ করা হয়। তবে আদালত পুলিশের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ না করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। এরপর ১৯ মাস কেটে গেলেও পিবিআইয়ের তদন্ত শেষ হয়নি।

বর্তমানে মামলাটি তদন্ত করছেন পিবিআই চট্টগ্রামের পরিদর্শক জাহাঙ্গীর আলম। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ১৪ আসামির বেশির ভাগেরই ঠিকানা সংগ্রহ করা হয়েছে। দ্রুত সম্পূরক অভিযোগপত্র দেওয়ার চেষ্টা চলছে।