বিচারের আশা ছেড়ে দিয়েছেন স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

☀  ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি শেখ হাসিনার জনসভায় পুলিশ গুলিবর্ষণ করে।
☀  গুলিতে নেতা-কর্মীসহ ২৪ জন নিহত হন।
☀ ঘটনাটি পরে চট্টগ্রাম গণহত্যা নামে পরিচিতি পায়।
☀ ভাগ্যক্রমে বেঁচে যান শেখ হাসিনা।
☀ বিচার চলছে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে।
☀ বিচার দেখে যেতে পারেননি মামলার বাদী।
☀ মারা গেছেন মামলার প্রধান আসামিসহ তিনজন।

চট্টগ্রাম গণহত্যার মামলার বিচারকাজ ৩০ বছরেও শেষ হলো না। বছরের পর বছর অপেক্ষায় থাকার পরও বিচার না পেয়ে আশা ছেড়ে দিয়েছেন নিহত ব্যক্তির স্বজনেরা।

১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে আওয়ামী লীগের সভানেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সমাগত লোকজনের ওপর পুলিশ গুলিবর্ষণ করে। এতে নেতা-কর্মীসহ ২৪ জন মানুষ নিহত হন। এটি পরে চট্টগ্রাম গণহত্যা নামে পরিচিতি পায়। সেদিন ভাগ্যক্রমে বেঁচে যান শেখ হাসিনা। এই ঘটনায় করা মামলায় বিচার চলছে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে। বিচার দেখে যেতে পারেননি মামলার বাদী। মারা গেছেন মামলার প্রধান আসামিসহ তিনজন।

সেদিনের ঘটনায় গুলিতে নিহত চট্টগ্রামের ছাত্রলীগ নেতা হাসান মুরাদের বড় ভাই নগরের পাথরঘাটার বাসিন্দা আবুল মঞ্জুর। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘কিছুইতো দেখতেছিনা। বিচারের আশাও এখন আর করি না। কেউ খবরও নেয় না। ২৪ জানুয়ারি আসলে মিডিয়া থেকে প্রশ্ন করা হয়। এতে বুকের নেভানো আগুনটা আবার দাউ দাউ করে জ্বলে ওঠে।’

নিহত স্বপন বিশ্বাসের স্ত্রী রেবা বিশ্বাসও জানালেন একই কথা। তিনি বলেন, ‘বিচার হবে কিনা জানি না। বলার কিছুই নেই। আশাও করি না’।

 আজ বুধবার এ গণহত্যার ৩০ বছর পূর্ণ হচ্ছে। ঘটনার চার বছর পর ১৯৯২ সালের ৫ মার্চ আইনজীবী শহীদুল হুদা মুখ্য মহানগর হাকিম আদালতে চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার রকিবুল হুদাসহ ৪৬ জনকে আসামি করে মামলা করেন। এরপর তদন্ত ও অভিযোগপত্র দিতেই পার হয়েছে আরও আট বছর। ২০০০ সালের ৯ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচারকাজ শুরু।

গণহত্যা মামলার বাদীও বিচারের শেষ দেখে যেতে পারেননি। ২০১৩ সালে শহীদুল হুদা মারা যান। মামলার অভিযোগপত্রে আটজনকে আসামি করা হয়। এর মধ্যে মারা গেছেন দুজন। শুরু থেকে পলাতক রয়েছেন পুলিশের সাবেক এসআই গোবিন্দ চন্দ্র মণ্ডল। জামিনে আছেন তৎকালীন নগর পুলিশ কমিশনার মির্জা রকিবুল হুদা, কনস্টেবল প্রদীপ বড়ুয়া, মমতাজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শাহ আবদুল্লাহ। এর মধে৵ রকিবুল হুদা দেড় মাস আগে মারা যান বলে জানান তাঁর আইনজীবী আহসানুল হক।

আদালত সূত্র জানায়, ২০০১ থেকে ২০০৯ সালের ১০ আগস্ট পর্যন্ত এ মামলার ১৬৮ সাক্ষীর মধ্যে মাত্র ৩৫ জনের সাক্ষ্য হয়। এরপর ২০১৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত টানা ছয় বছর একজন সাক্ষীকেও হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। ওই বছরের জানুয়ারি থেকে গত বছরের এপ্রিল মাস পর্যন্ত ১১ জনের সাক্ষ্য হয়। আগামী ২৮ জানুয়ারি পরবর্তী দিন ধার্য রয়েছে।

 সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মামলাটির বিচার স্থবির হয়ে পড়েছিল। বছরের পর বছর একজন সাক্ষীও আসেননি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও মামলাটির কোনো অগ্রগতি হয়নি। বিশেষ জজ আদালতে আসার পর সমন জারির পর প্রত্যেক সাক্ষীর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে হাজির করা হয়েছে। মামলার ১৬৮ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৪৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আশা করা যায়, আগামী ধার্য দিনে সাক্ষীরা হাজির হবেন। দ্রুত মামলাটি শেষ করার চেষ্টা রয়েছে।

সরকারি কৌঁসুলি আরও বলেন, এই মামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুও সাক্ষী রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে তাঁদের সাক্ষ্য নেওয়া হতে পারে।

আওয়ামী লীগ টানা নয় বছর ক্ষমতায় থাকার পরও কেন শেখ হাসিনাকে হত্যার চেষ্টা ও গণহত্যা মামলার বিচার শেষ করা যায়নি এ প্রশ্ন করা হলে নগর আওয়ামী লীগের সহসভাপতি ও ঘটনার প্রত্যক্ষদর্শী ইব্রাহীম হোসেন চৌধুরী বলেন, ইতিমধ্যে মামলায় অনেকে সাক্ষী হয়েছেন। আশা করা যায় দ্রুত নিষ্পত্তি হবে।

এদিকে গণহত্যার ঘটনা স্মরণে চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশমুখে তৈরি স্মৃতিস্তম্ভটি অযত্ন-অবহেলায় পড়ে থাকে বলে জানান নিহত ব্যক্তিদের স্বজনেরা। এখানে একটি কমপ্লেক্স তৈরি করে নিহত প্রত্যেকের জীবনী ও পুরো ঘটনা তুলে ধরতে সরকারের কাছে ২০১৬ সালের জুন মাসে আবেদন করা হয়েছে বলে জানান মেজবাহ উদ্দিন চৌধুরী। কিন্তু কিছুই হয়নি।