বিচারের আশায় আছেন রূপালীর বাবা-মা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইভ টিজিংয়ের বলি স্কুলছাত্রী রূপালী রানী বরাতীর (১৪) মৃত্যুর এক বছর আজ ২ নভেম্বর। রূপালীর বাবা-মা অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আশায় দিন গুনছেন।রূপালী বগুড়ার শেরপুর উপজেলার খোলসাগাড়ি গ্রামের সুনীল চন্দ্র বরাতী ও তরী রানী বরাতীর ছোট মেয়ে এবং সীমাবাড়ি এস আর বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল। ঘটনার দিন (গত বছরের ২ নভেম্বর) সে বাড়ি থেকে শিক্ষকের বাড়িতে পড়তে যাচ্ছিল। তখন নিঝুড়ি গ্রামের সুশীল চন্দ্র মণ্ডল (২০) তাকে অপহরণ করে। তাকে নিজ ঘরে আটকে রেখে জোর করে সিঁদুর পরিয়ে দেন সুশীল। পরে ঘরের দরজায় তালা দিয়ে বেরিয়ে যান। অপমান আর লজ্জায় রূপালী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।খবর পেয়ে এলাকাবাসী রূপালীর লাশ উদ্ধার করে এবং সুশীলকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করে। ওই দিনই রূপালীর ভাই কনক চন্দ্র বরাতী বাদী হয়ে রায়গঞ্জ থানায় সুশীল মণ্ডলসহ তাঁর পাঁচ ভাইকে আসামি করে মামলা করেন। রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল হাই জানান, প্রথমে রায়গঞ্জ থানার এসআই আবদুস সালাম ও পরে পরিদর্শক (তদন্ত) সাইদুল ইসলাম তদন্ত করে গত বছরের ৩১ ডিসেম্বর পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।গত সোমবার রূপালীদের বাড়িতে গিয়ে দেখা যায়, ছবি হাতে তার মা নির্বাক তাকিয়ে আছেন। অশ্রুসজল কণ্ঠে তিনি বলেন, ‘আমার মেয়েকে ফিরে পাব না সত্য। তবে এই ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেন আর কোনো মেয়েকে এভাবে চলে যেতে না হয়।’