বিচারের উদ্যোগ নেবেন প্রধানমন্ত্রী, আশা মায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনা বিচারের মহৎ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করতে গিয়ে খুন হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ। এ হত্যাকাণ্ডের বিচারেও প্রধানমন্ত্রী উদ্যোগ নেবেন, এমন আশা সাইফুল্লাহর মায়ের।
সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর পরিবার নগরের দারোগাবাড়ি ফোকলোর ফাউন্ডেশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। এতে বক্তব্য দিতে গিয়ে তাঁর মা ফাতেমা আক্তার কান্নায় ভেঙে পড়েন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাতেমা বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু হত্যাকারীদের হত্যার বিচারের মহৎ উদ্যোগ নিয়েছেন। আশা করি আমার ছেলে খালিদ সাইফুল্লাহ, যে কিনা বঙ্গবন্ধু হত্যার ঘটনায় শোক প্রকাশ করতে গিয়ে নির্মমভাবে নিহত হয়েছেন, তাঁর বিচারেরও ব্যবস্থা করবেন।’
ফাতেমা বলেন, ‘ঘটনার দিন (৩১ জুলাই মধ্যরাতে) আমার ছেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শোক প্রকাশ করতে গিয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী ও তার সহযোগী বিপ্লব চন্দ্র দাশ, মাসুদ আলম ও সোহেল রানা আমার ছেলের ওপর চড়াও হয়। তখন বিপ্লব তার মাথায় গুলি করে হত্যা করে।’
অভিযোগ প্রসঙ্গে রেজা-ই-এলাহী বলেন, প্রকৃত খুনিদের আড়াল করতে খালিদ সাইফুল্লাহর মাকে দিয়ে একটি প্রভাবশালী মহল সাজানো সংবাদ সম্মেলন করিয়েছে।
রেজিস্ট্রার ও হল প্রাধ্যক্ষের ভূমিকায় প্রশ্ন: ফাতেমার আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার ও কাজী নজরুল হলের প্রাধ্যক্ষ মেহেদী হাসান খুনিদের পক্ষ নিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযুক্ত বিপ্লব গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। কিন্তু রেজিস্ট্রার তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন। ফাতেমা প্রশ্ন রাখেন, ‘কোন স্বার্থে তাঁর পক্ষ অবলম্বন করা হয়েছে? তাহলে কি তিনিও হত্যাকাণ্ডে জড়িত?’
অভিযোগ প্রসঙ্গে রেজিস্ট্রার মজিবুর রহমান বলেন, ‘আমি কারও জন্য আদালতে যাইনি। আদালত বিপ্লবের পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এটা পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের ব্যাপার।’ কাজী নজরুল হলের প্রাধ্যক্ষ মেহেদী হাসান বলেন, ‘হত্যাকাণ্ডের বিচার যেন হয়, প্রশাসনের কাছে দাবি জানিয়েছি। আমাকে সন্দেহ করার কী কারণ আছে, তা বলতে পারব না।’