মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের গতি বাড়াতে মামলার সাক্ষী সংখ্যা কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। রাজধানীতে গতকাল মঙ্গলবার আয়োজিত এক আলোচনা সভায় একাধিক বক্তা এ পরামর্শ দেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘যুদ্ধাপরাধীদের বিচারে ধীরগতি: নাগরিক উদ্বেগ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ।আলোচনায় বিচারপতি কাজী এবাদুল হক বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় অধিকসংখ্যক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। এত সাক্ষী হাজির করা উচিত নয়। এঁদের অনেকের সাক্ষ্যের দরকার ছিল না। আসামিপক্ষের আইনজীবীরাও তাঁদের অনেক অপ্রয়োজনীয় প্রশ্ন করেন। এগুলো বন্ধ করতে হবে।বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম বলেন, মামলার অনেক সাক্ষীকে পাওয়া যাচ্ছে না। ন্যুরেমবার্গ বিচারেও অনেক সাক্ষীকে পাওয়া যায়নি, তাঁদের গুম করা হয়েছে। এ মামলায় যাঁদের পাওয়া যাচ্ছে না, তাঁরা হয়তো টাকা খেয়েছেন। এখনো কাউকে গুমের ঘটনা শোনা যায়নি, হয়তো সেটাও শুরু হবে। তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের অনেক অপ্রয়োজনীয় প্রশ্ন করেন। ট্রাইব্যুনালের উচিত এসব প্রশ্ন করতে না দেওয়া।আলোচনায় প্রধান অতিথি আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর দিকে তদন্ত সংস্থা ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের অনভিজ্ঞতার কারণে গতি কিছুটা ধীর ছিল। ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করে তদন্ত সংস্থা আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরাও তাঁদের সীমাবদ্ধতা কাটিয়ে উঠেছেন। এখন বিচার-প্রক্রিয়া দ্রুতগতিতে চলছে। মার্চের মধ্যে আরেকটি ট্রাইব্যুনাল কাজ শুরু করলে বিচারের গতি আরও বাড়বে।আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে উদ্বেগ প্রমাণ করে, দেশের মানুষ এ বিচার চায়। সুশীল সমাজের প্রতিনিধিরা বিচারের পক্ষে জনমত গঠন করলে বিচার-প্রক্রিয়া আরও গতিশীল হবে।ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীরা আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ের চেষ্টা করছে। এর পেছনে কারা রয়েছে, তা পর্যালোচনা করতে হবে।আয়োজক সংগঠনের সমন্বয়ক অজয় রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণফোরামের নেতা পঙ্কজ ভট্টাচার্য, সাবেক পররাষ্ট্রসচিব মহিউদ্দিন আহমেদ, জাসদের যুগ্ম সম্পাদক খালেদ আহমেদ প্রমুখ।