বিচারের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মানবতাবিরোধী বিচারকে কেন্দ্র করে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে পারবে বলে আশা করে ইন্দোনেশিয়া। গতকাল বৃহস্পতিবার এ আশাবাদের কথা জানিয়েছেন দেশটির সফররত পররাষ্ট্রমন্ত্রী মার্তি এম নাতালেগাওয়া।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দ্বিপক্ষীয় বৈঠকের পর অতিথি ভবন পদ্মায় আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী নাতালেগাওয়া। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন দায়মুক্তির সংস্কৃতির অবসান ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রক্রিয়ায় ভারসাম্য থাকা অপরিহার্য। মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়টিকে কীভাবে দেখছেন জানতে চাওয়া হলে, মার্তি নাতালেগাওয়া সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, ‘আমাদের এটুকু আস্থা রয়েছে যে বাংলাদেশ বর্তমানে যে চ্যালেঞ্জের মুখোমুখি তা মোকাবিলার সামর্থ্য তার আছে। ইন্দোনেশিয়া তার অভিজ্ঞতার কথা বলতে এতটুকু দ্বিধা করে না। এ ধরনের পরিস্থিতিতে আমাদেরও জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। নিজেদের অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি, দায়মুক্তির সংস্কৃতির অবসান ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রক্রিয়ায় ভারসাম্য থাকা অপরিহার্য।’মার্তি বলেন, ‘চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে পারবে আমাদের এটুকু আস্থা রয়েছে।’ বাংলাদেশের সঙ্গে আরও বেশি ‘সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব’ প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করে ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বেশ কিছু সম্ভাবনাময় খাত রয়েছে। যেমন পামওয়েল শোধনাগার এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। এ ছাড়া রয়েছে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল। এসব বিষয়কে মাথায় রেখে ইন্দোনেশিয়ার বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগের কথা বিবেচনা করতে পারে। মার্তি স্বীকার করেন, বাণিজ্য বৈষম্য কমাতে হলে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। এর পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর ওপর মনোযোগী হওয়াটা জরুরি। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, দুই দেশের সহযোগিতা জোরদারের মাধ্যমে বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও যোগাযোগ খাতে সম্পর্ক সম্প্রসারণ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিদ্যমান বাণিজ্য বৈষম্য দূর করতে বাংলাদেশের ওষুধ, সিরামিক ও তৈরি পোশাকের ওপর থেকে শুল্ক কমাতে ইন্দোনেশিয়াকে অনুরোধ জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ বিবেচনার আশ্বাস দিয়েছেন। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বর্তমানে ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। দ্বিপক্ষীয় বাণিজ্যের ভারসাম্য ব্যাপকভাবে ইন্দোনেশিয়ার অনুকূলে।যৌথ সংবাদ সম্মেলনের আগে দুই দেশের কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা রহিতকরণের বিষয়ে সমঝোতা স্মারকের বাস্তবায়ন-সংক্রান্ত আনুষ্ঠানিক পত্রে সই করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। সমঝোতা স্মারকটি আগামী ১৪ এপ্রিল থেকে কার্যকর হবে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মার্তি নাতালেগাওয়া গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান। আজ দুপুরে তাঁর ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।