বিচারের জন্য গোলাম আযমকে বাঁচিয়ে রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা গোলাম আযমকে শাস্তি না হওয়া পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে। নইলে কোনো কারণে তাঁর মৃত্যু হলে জামায়াতের কাছে তিনি শহীদের মর্যাদা পাবেন।গতকাল বৃহস্পতিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গোলাম আযমের চিকিৎসায় গৃহীত ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়ার প্রতি ইঙ্গিত করে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এ কথা বলেন। বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‘যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনের ২০ বছর: সাফল্য ও প্রতিবন্ধকতা’ শীর্ষক এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিচারপতি গোলাম রাব্বানী ও কয়েকজন রাজনীতিক।পরিকল্পনামন্ত্রী ও মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্বদানকারীদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি এ কে খন্দকার বলেন, যুদ্ধাপরাধীদের বিচার দেখতে চাইলে ট্রাইব্যুনালের গতি ও মান বাড়াতে হবে। এটি আরও সুসংগঠিত হওয়া উচিত। গোলাম আযমের চিকিৎসার বিষয়ে ইঙ্গিত করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘অনেকে বলছেন, গোলাম আযমের মতো এত খারাপ লোকের জন্য এত কিছু করার কী দরকার। এর চেয়ে ভুল চিন্তা আর হতে পারে না। যত দিন তাঁর শাস্তি না হয়, তাঁকে বাঁচিয়ে রাখতে হবে। কোনো কারণে মৃত্যু হলে জামায়াতের কাছে তিনি শহীদ হিসেবে বিবেচিত হবেন।’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার এক-দুই বছরের বিষয় নয়, এটি কোন দিন শেষ হবে বলা মুশকিল।...যেদিন পর্যন্ত একজন যুদ্ধাপরাধীও বেঁচে থাকবে, তার বিচার না হওয়া পর্যন্ত এটি চলবে।’ সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী জামায়াতে ইসলামীর বিচার করে দলটির সব সম্পদ বাজেয়াপ্ত করার দাবি করেন। তিনি বলেন, ‘এই দলের বিচার না করে আমরা যুদ্ধাপরাধের রক্তের বীজ রেখে দিচ্ছি।’ যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ‘দুর্বলতা’ তুলে ধরেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন। তিনি বলেন, ট্রাইব্যুনাল গঠন থেকে শুরু করে তদন্ত, মামলা দায়ের করা পর্যন্ত দুর্বলতা বিদ্যমান। অন্য দেশের অভিজ্ঞতা কাজে লাগানো ও বিচারের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করায়ও ব্যর্থতা রয়েছে। সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, কয়েকজনকে ফাঁসি দিয়ে যুদ্ধাপরাধীদের রাজনীতিকে পরাস্ত করা যাবে না। এর জন্য জনগণকে রাস্তায় নামতে হবে। পঞ্চম সংশোধনী বাতিলের পর নির্বাচন কমিশনের উচিত ছিল জামায়াতের নিবন্ধন বাতিল করা।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির একাধিক ট্রাইব্যুনাল, কমপক্ষে ৫০ জন দক্ষ আইনজীবী নিয়োগ ও শক্তিশালী গবেষণা সেল গঠনের দাবি জানান। তিনি বলেন, ‘২০১৩ সালের মধ্যে যদি বিচার শেষ করা না যায়, ২০১৪ সালের নির্বাচনে কী হবে, তা নিয়ে আমরা শঙ্কিত।’শাহরিয়ার কবিরও বিচারের স্বার্থে গোলাম আযমকে হাসপাতালে রাখার পক্ষে মত দেন। শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী এত দিন পর গোলাম আযমের মেয়ের খবর বের হওয়াকে জামায়াতের ষড়যন্ত্র বলে আখ্যা দেন। তিনি শাহরিয়ার কবিরের আশঙ্কা সমর্থন করে বলেন, জামায়াত লোক লাগিয়ে গোলাম আযমকে জেলে মেরেও ফেলতে পারে।আলোচনায় জাসদের কার্যনির্বাহী সভাপতি ও সাংসদ মঈন উদ্দীন খান বাদলও অংশ নেন।