রাজধানীর উপকণ্ঠে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ছয় বছরের শিশু পরাগ মণ্ডল অপহরণ মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। গতকাল রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত অভিযোগপত্র নথিতে সংযুক্ত করে বিচারকার্য নিষ্পত্তির জন্য মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ পাঠানোর নির্দেশ দেন। এর আগের দিন শনিবার এ মামলায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। তাতে বলা হয়, মুক্তিপণের জন্য স্থানীয় পেশাদার সন্ত্রাসী মুক্তার হোসেন ওরফে আমিরের পরিকল্পনায় ও তাঁর নেতৃত্বে শিশু পরাগকে অপহরণ করা হয়েছিল। আমিরসহ নয় আসামি এখন কারাগারে আছেন।গত বছরের ১১ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে কেরানীগঞ্জের শুভাঢ্যার পশ্চিমপাড়া বাসার গলির মুখ থেকে অপহূত হয় শিশু পরাগ। দুর্বৃত্তরা পরাগের মা লিপি মণ্ডল, বোন পিনাকি মণ্ডল ও তাদের গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে পরাগকে তুলে মোটরসাইকেলযোগে নিয়ে যায়। এ ঘটনায় তখন দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ১৩ নভেম্বর মধ্যরাতে কেরানীগঞ্জের আটিবাজার রাস্তায় পরাগকে ফেলে যায় দুর্বৃত্তরা।