বিচারের দাবি
ফরিদপুরের মধুখালীর গৃহবধূ মালতি রানী বিশ্বাসের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মধুখালী উপজেলার আখচাষি কল্যাণ ভবনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মহিলা পরিষদের উপদেষ্টা মানিক মজুমদার, ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক আবু সাঈদ মিয়া, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মালেক শিকদার, সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি গোলাম রব মোল্লা, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি আবু দাউদ মোল্লা প্রমুখ। গত ৬ সেপ্টেম্বর মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ধোপাগাতি গ্রামের শ্যামল বৈদ্য বিশ্বাসের স্ত্রী মালতি বিশ্বাস (৫৫) দুর্বৃত্তের হাতে নিজ ঘরে খুন হন।