মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গান্ধাই পুঞ্জির (গ্রাম) আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের লোকজন জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ শাহাব উদ্দিনের কাছে মোনালিসা নংপ্রট হত্যার বিচার চেয়েছেন। হুইপ গতকাল শুক্রবার ওই পুঞ্জি পরিদর্শনে গেলে আদিবাসীরা এ বিচার দাবি করেন। হুইপ দাবির বিষয়ে তাঁদের আশ্বস্ত করেন। এ ছাড়া পুঞ্জির লোকজনকে আতঙ্কিত না হতে পরামর্শ দেন তিনি। এ সময় হুইপের সঙ্গে ছিলেন বড়লেখা থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার উদ্দিন প্রমুখ। এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবদুল কাইয়ুম (২৫) নামের এক ব্যক্তিকে গত বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। এ পুঞ্জির মেয়ে মোনালিসা নংপ্রট (১৮) গত ৩০ জানুয়ারি সকালে জুমে কাজ করতে গিয়ে নিখোঁজ হন। বিকেলে জুমের একটি টিলার নিচ থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে এলাকাবাসী।