বিচারের দাবি
ফরিদপুরের সদরপুর উপজেলায় গতকাল মঙ্গলবার ব্যবসায়ী আলীম খান (৩৫) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় এলাকাবাসী দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিঁয়াজখালী গ্রামের আলীম খান গত ২৪ জুলাই সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। দুই দিন পর গ্রামের পাশে আড়িয়াল খাঁ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৭ জুলাই নিহত আলীম খানের ভাই শিশু খান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে গতকাল বেলা ১১টার দিকে পিঁয়াজখালী থেকে মিছিল করে কয়েক শ নারী-পুরুষ উপজেলা সদরে যান। দুপুর ১২টার দিকে তাঁরা গ্রামে ফিরে যান। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, ‘এরই মধ্যে মামলার এজাহারভুক্ত তিন আসামি লাবলু হোসেন, সাঈদ মাতুব্বর ও কুদ্দুসকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’