বিচারের দাবিতে অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্রের কোপে স্কুলছাত্রী নিহত হওয়ার প্রতিবাদে এবং বখাটের শাস্তির দাবিতে গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় বক্তব্য দেন মহিপুর এস এ এম দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল আলম l ছবি: প্রথম আলো
অস্ত্রের কোপে স্কুলছাত্রী নিহত হওয়ার প্রতিবাদে এবং বখাটের শাস্তির দাবিতে গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় বক্তব্য দেন মহিপুর এস এ এম দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল আলম l ছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জে বখাটে যুবকের হাঁসুয়ার (ধারালো অস্ত্র) কোপে স্কুলছাত্রী হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে গতকাল শনিবার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় তারা এলাকা মাদকমুক্ত করা এবং মেয়েদের নিরাপত্তার দাবিও জানায়।
হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া আবদুল মালেক গতকাল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জুয়েল অধিকারী।
গত শুক্রবার সকালে মালেকের এলোপাতাড়ি কোপে নিহত হয় সদর উপজেলার মহিপুর এস এ এম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী কণিকা ঘোষ (১৬)। আহত হয় তার তিন সহপাঠী।
মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রশীদ বলেন, আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে মালেক বলেন, বিয়ের পর তাঁর বউ চলে যান। এরপর আবার বিয়ে করার ইচ্ছে ছিল। কিন্তু নানা কারণে বিয়ে করতে পারছিলেন না। ফলে মেয়েদের প্রতি তাঁর ক্ষোভের সৃষ্টি হয়। এই ক্ষোভ ও হতাশা থেকেই তিনি এলোপাতাড়ি কুপিয়ে ছাত্রীদের হতাহত করেন।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের মহিপুর মোড়ে রাস্তা অবরোধ করেন মহিপুর এস এ এম উচ্চবিদ্যালয়সহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ। সেখানে দেড় ঘণ্টা ধরে মানববন্ধন ও সমাবেশ করা হয়। এর আগে সকাল আটটার দিকে পৌর এলাকার নয়াগোলা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করে।
সড়ক অবরোধ শেষে মহিপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিহত কণিকার বাড়িতে যায়। এ সময় কণিকার বোন কাঞ্চনা ও মা অঞ্জলী রানী কান্নায় ভেঙে পড়েন। কাঞ্চনা বলে, ‘কয়েক মাস আগে বাবা মারা যাওয়ার পর মা ও দিদি মিলে মাটির হাঁড়ি-পাতিল তৈরির কাজ করে সংসার চালাতাম। এখন দিদি মারা যাওয়ায় কেমন করে আমাদের দিন চলবে?’
মালেকের বাড়ি গিয়ে দেখা যায়, তালা ঝুলিয়ে পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন। তাঁর চাচি নাসিমা বেগম ও চাচাতো বোন মৌসুমী খাতুন বলেন, মালেক মাদকাসক্ত। তাঁকে নিয়ে পরিবারে খুব অশান্তি ছিল। বছর খানেক আগে তিনি মহিপুর কলেজের মেয়েদের উত্ত্যক্ত করেন এবং এক ডিম বিক্রেতার ওপর হামলা করেন। অতিষ্ঠ হয়ে মালেকের বাবা আবদুল লতিফ ছেলেকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করেন। তিন মাস কারাগারে ছিলেন মালেক। বেরিয়ে আবারও মাদকাসক্ত হয়ে পড়েন। এ কারণে বিয়ের পর বউও তাঁকে ছেড়ে চলে যান। এ কারণে মেয়েদের প্রতি তাঁর বিদ্বেষ সৃষ্টি হয়।
এদিকে কণিকার সঙ্গে আহত তিন সহপাঠী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে মরিয়ম খাতুনের ডান বাহুতে শুক্রবার রাতে অস্ত্রোপচার করা হয়েছে। আহত তারিন আফরোজ বলেছে, সে চোখে ঝাপসা দেখছে। মাথায় যন্ত্রণা হচ্ছে। তার সিটি স্ক্যান করা হয়েছে। মাথার পেছনে জখম ধরা পড়েছে।
হাসপাতালের উপপরিচালক গাজী সাইফুল ইসলাম চৌধুরী বলেন, আহত ছাত্রীরা এখন বিপদমুক্ত। তবে একজন চোখে ঝাপসা দেখছে। তাকে চক্ষু বিভাগের চিকিৎসক দিয়ে দেখানো হবে।