সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সোমবার সাংবাদিক সমাবেশ করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বেলা ১১টায় ডিআরইউ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।ডিআরইউয়ের সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাগর-রুনি দম্পতি খুনের পর থেকেই ডিআরইউ খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় প্রেসক্লাবের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে আসছে। ডিআরইউয়ের বর্তমান কার্যনির্বাহী কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠকেই সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের এবং একই সঙ্গে অন্য কোনো সংগঠন এ বিষয়ে পিছু হটলেও ডিআরইউ রাজপথে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করে।গত বছরের ১১ ফেব্রুয়ারি সাগর ও রুনি দম্পতি রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন।