বিচারের দাবিতে আন্দোলনরত দুই ছাত্রকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের কর্মী জুবায়ের আহমদ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া দুই ছাত্র মারধরের শিকার হয়েছেন। গতকাল রোববার বেলা দেড়টার দিকে মামলার শুনানি শেষে ঢাকা জজ আদালতের পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ৩৭ ব্যাচের পদার্থবিজ্ঞান বিভাগের সৈয়দ নাজমুল হোসেন এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের রাজিবুল ইসলাম। জুবায়ের হত্যা মামলার সাত আসামি তাঁদের মারধর করেন। আসামিদের সবাই জুবায়ের হত্যার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কৃত।
খোঁজ নিয়ে জানা গেছে, মামলার শুনানি শেষে আদালত থেকে বের হয়ে মামলার আসামিরা রাজিবুল ইসলামকে হত্যার হুমকি দেন। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মামলার সাত আসামি আশিকুল ইসলাম, জাহিদ হাসান, খান মো. রইছ, ইসতিয়াক মেহবুব, মো. রাশেদুর ইসলাম ওরফে রাজু, মাহবুব আকরাম, নাজমুস সাকিব ওরফে তপু রাজিবুল ইসলামকে মারধর করেন। এ সময় নাজমুল হোসেন এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। পরে তাঁরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।
নাজমুল ও রাজিবুল অভিযোগ করেন, মামলার সাক্ষী ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আজীম উদ্দিনের সঙ্গে তাঁদের বিশ্ববিদ্যালয়ের গাড়িতে ক্যাম্পাসে ফেরার কথা থাকলেও মারধরের সময় আজীম গাড়ির দরজা খোলেননি, বরং তাঁদের ফেলে চলে যান।
এ বিষয়ে আজীম উদ্দিন বলেন, ‘পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছিল বলে আমি ওদের রেখে চলে এসেছি। তবে কিছু দূর এসেই আমি বিষয়টি মুঠোফোনে প্রক্টরকে জানাই।’ জুবায়ের হত্যার সময় আজীম উদ্দিন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাপের মুখে প্রশাসন তাঁকে ওই পদ থেকে অপসারণ করে।