বিচারের দাবিতে কর্মবিরতি থানায় মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ খাদ্য বিভাগের তিন কর্মকর্তাকে মারধরের ঘটনায় শ্রমিক লীগ নেতাসহ ১০ শ্রমিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী কর্মকর্তা মো. আলাউদ্দিন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন।
এদিকে ময়মনসিংহ খাদ্যগুদামের শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন ওরফে আনু দারোগাসহ অভিযুক্তদের বিচার দাবিতে গতকাল বুধবার থেকে কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির জেলা শাখা। জেলার বিভিন্ন উপজেলার খাদ্যগুদামেও এ কর্মবিরতি চলছে। একই দাবিতে গতকাল দুপুরে খাদ্য বিভাগের কর্মকর্তারা একটি প্রতিবাদ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।
মামলার অভিযোগে বলা হয়, নিম্নমানের চাল না নেওয়ায় আনোয়ার হোসেনের নেতৃত্বে আট-দশজন শ্রমিক জেলা কেন্দ্রীয় খাদ্যগুদামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মো. আলাউদ্দিন ও পরিদর্শক আরিফুর রহমানকে মারধর করেন। তখন তাঁদের বাঁচাতে এলে খাদ্যগুদামের ব্যবস্থাপক শেখ হোসেন সানোয়ারও আহত হন। এ সময় ধর্মমন্ত্রী মতিউর রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) আবু সাঈদ উপস্থিত ছিলেন।
থানা-পুলিশ বলে, গত মঙ্গলবার রাতে মো. আলাউদ্দিন বাদী হয়ে আনোয়ার হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলার বাকি নয়জন আসামি গুদামের শ্রমিক। তবে আবু সাঈদ মারধরের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকলেও মামলায় তাঁকে আসামি করা হয়নি। এ ব্যাপারে ভুক্তভোগী কর্মকর্তারা বলেন, যেহেতু তিনি (আবু সাঈদ) নিজে মারধর করেননি, তাই তাঁকে আসামি করা হয়নি।
বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, মামলা হয়েছে। দ্রুত তদন্ত শেষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।