বিচারের দাবিতে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রী আরফা আফরোজ বিপাশার আত্মহৎযার ঘটনায় গতকাল রোববার শহরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন হয়েছে। এতে মেহেরপুর সরকারি মহিলা কলেজ ও মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের অভিযোগ, স্বামী ওমর ফারুকের অপবাদ ও তালাক সইতে না পেরে অন্তঃসত্ত্বা বিপাশা আত্মহৎযা করেন। এ জন্য তাঁরা ফারুকের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।শিক্ষার্থীরা মেহেরপুরের শামসুজ্জোহা পার্ক থেকে প্রতিবাদ মিছিল করে প্রেসক্লাবের সামনে পৌঁছায় এবং সেখানে মানববন্ধন হয়। পরে ওই ঘটনার বিচারের দাবিতে তাঁরা মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হেলাল উদ্দিনের কাছে স্মারকলিপি দেন। পরিবারের সদস্যরা জানান, গর্ভের সন্তান নিয়ে অপবাদ দিয়ে ওমর ফারুক তালাক দিলে গত ১৮ এপ্রিল রাতে বিপাশা শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় বিপাশার বাবা আবুল বাশার পরদিন ওমর ফারুকের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় হত্যা মামলা করেন। এ ব্যাপারে মুঠোফোনে ওমর ফারুক বলেন, ‘ভালোবেসে বিয়ে করেছিলাম। পরে গর্ভের সন্তান নিয়ে সন্দেহ সৃষ্টি হলে তাকে তালাক দিই।’মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তারে চুয়াডাঙ্গা সদর থানাকে জানানো হয়েছে।